সুরক্ষা আদেশ ইস্যুর পদ্ধতি
(১) ধারা ২৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, নির্বাহী কমিটি নিম্নবর্ণিত ক্ষেত্রে, কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষের প্রতি ‘ফরম ৯.১’ দ্বারা সুরক্ষা আদেশ ইস্যু করিতে পারিবে, যথা:—
(ক) ভূগর্ভস্থ পানি ধারক স্তর হইতে নিরাপদ আহরণ নিশ্চিতকরণ;
(খ) প্রতিপালন আদেশ বা অপসারণ আদেশ বা ছাড়পত্রের কোনো শর্ত লঙ্ঘন প্রতিরোধ;
(গ) আইন বা এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন প্রতিরোধ।
(২) নির্বাহী কমিটি সুরক্ষা আদেশে কোন কর্মকাণ্ড করা যাইবে বা যাইবে না উহা সুস্পষ্টভাবে উল্লেখ করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতকরণের জন্য প্রচার করিবে।
(৩) সুরক্ষা আদেশ ব্যক্তিগতভাবে বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা প্রশাসনিক প্রধানকে, যে নামেই অভিহিত হউক, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে ইস্যু করা যাইবে অথবা তিনি বা তাহার প্রতিনিধি যেখানে বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন বা জীবিকা নির্বাহ করেন সেই স্থানের ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭০ (PDF-এর পৃষ্ঠা ৩৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২৭
এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৯.১