RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫

জাতীয় পানি নীতি প্রণয়ন

চতুর্থ অধ্যায়: জাতীয় পানি নীতি

(১) ধারা ৮ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত বিষয়াদিসহ জাতীয় পানি নীতি প্রণয়ন এবং উহা, সময় সময়, হালনাগাদকরণের লক্ষ্যে, সরকারের পক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে ১ (এক) টি খসড়া প্রণয়ন করিবে।

(২) উপ-বিধি (১) এর বিধান অনুসারে প্রণীত খসড়ার উপর পানি সম্পদ পরিকল্পনা সংস্থা গণশুনানির আয়োজন ও পরামর্শ গ্রহণ করিবে।

(৩) উপ-বিধি (২) এর অধীন গণশুনানি অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের পক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা দায়িত্ব পালন করিবে এবং তৎলক্ষ্যে মহাপরিচালক নিজে কিংবা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ১ (এক) বা একাধিক প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করিতে পারিবে।

(৪) গণশুনানির উদ্দেশ্য হইবে স্বার্থ সংশ্লিষ্ট জনগোষ্ঠী ও সংগঠনের সহিত এবং জাতীয় পানি নীতি চূড়ান্ত করিবার ক্ষেত্রে যাহাদের জ্ঞান ও অভিজ্ঞতা সহায়ক হইতে পারে তাহাদের সহিত জাতীয় পানি নীতির বিষয়বস্তু সম্পর্কে মতবিনিময়ের মাধ্যমে পরামর্শ গ্রহণ করা।

(৫) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা গণশুনানি অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, এনজিও, যে কোন বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি, সমাজভিত্তিক সংগঠন ও উপযুক্ত কর্তৃপক্ষগণকে শুনানিতে অংশগ্রহণের আমন্ত্রণ করিয়া ১ (এক)টি গণবিজ্ঞপ্তি জারি করিবে।

(৬) উপ-বিধি (৫) এর অধীন গণবিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত বিষয়াদির উল্লেখ থাকিবে, যথা:—

(ক) শুনানির উদ্দেশ্য;

(খ) শুনানির সময়, তারিখ ও স্থান;

(গ) শুনানি পরিচালনাকারীর পরিচিতি;

(ঘ) খসড়া জাতীয় পানি নীতির কপি;

(ঙ) শুনানি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তার নাম, ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর।

(৭) উপ-বিধি (৫) এর অধীন জারিকৃত গণবিজ্ঞপ্তি —

(ক) শুনানির কমপক্ষে ১৫ (পনের) দিন পূর্বে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ওয়েবসাইটে আপলোড করিতে হইবে;

(খ) শুনানির কমপক্ষে ১৫ (পনের) দিন পূর্বে বহুল প্রচারিত ১ (এক) টি বাংলা ও ১ (এক)টি ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্র প্রকাশ করিতে হইবে।

(৮) এই বিধিমালার অধীন গণশুনানি, জনস্বার্থে, বিভিন্ন স্থানে বা একই স্থানে একাধিকবার আয়োজন করা যাইবে এবং উহা জনগণের জন্য উন্মুক্ত থাকিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪০ (PDF-এর পৃষ্ঠা ৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৮