সুরক্ষা আদেশ ইস্যুর পূর্বে শুনানি
(১) নির্বাহী কমিটি কর্তৃক সুরক্ষা আদেশ ইস্যুর পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ বা জনগণকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন শুনানি অনুষ্ঠানের উদ্দেশ্যে, নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক নিজে কিংবা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ১ (এক) বা একাধিক কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করিতে পারিবে।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত শুনানী, নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
(৪) নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক কারণ উল্লেখপূর্বক ‘ফরম ৯’ এ সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে শুনানির নোটিশ জারি করিবে।
(৫) এই বিধিমালার অধীন অনুষ্ঠিত শুনানিতে অংশগ্রহণকারীগণ মৌখিক বা লিখিতভাবে বা উভয়ভাবে মতামত প্রদান করিতে পারিবে এবং মৌখিক মতামতের ক্ষেত্রে, নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক উক্তরূপ বক্তব্য বা মতামত বা উহার সারসংক্ষেপ যতদূর সম্ভব লিখিয়া রাখিবে বা লিখিয়া রাখিবার ব্যবস্থা করিবে।
(৬) সংশ্লিষ্ট ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ বা জনগণ কর্তৃক উপ-বিধি (৫) এর অধীন প্রদত্ত বক্তব্য বা বিবৃতি নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক যাচাই-বাছাই বা পরীক্ষা করিবে এবং যদি নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালকের নিকট উক্ত বক্তব্য বা বিবৃতি অসন্তোষজনক প্রতীয়মান হয়, তাহা হইলে নির্বাহী কমিটিকে অবহিত করিয়া উক্ত কমিটির পক্ষে মহাপরিচালক সুরক্ষা আদেশ ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭০ (PDF-এর পৃষ্ঠা ৩৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৯