RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪২

অভিযোগের অনুসন্ধান পদ্ধতি

ত্রয়োদশ অধ্যায়: প্রতিপালন বা সুরক্ষা আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা আরোপের পদ্ধতি

(১) ধারা ২৯ এর উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অভিযোগ অনুসন্ধানের জন্য উপ-বিধি (৩), বা ক্ষেত্রমত, উপ-বিধি (৪) এর অধীন কেন অনুসন্ধান কর্মকর্তা বা, ক্ষেত্রমত, অনুসন্ধান কমিটি গঠন করা হইবে না তৎসম্পর্কে অভিযুক্ত ব্যক্তিকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন নোটিশ জারির ১৫ (পনের) দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তি তাহার আত্মপক্ষ সমর্থনে লিখিত জবাব পেশ করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, উল্লিখিত মেয়াদ শেষ হইবার পূর্বে অভিযুক্ত ব্যক্তি যদি সময় বৃদ্ধির জন্য আবেদন করেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা তাহাকে তাহার লিখিত জবাব পেশ করিবার জন্য অতিরিক্ত ৭ (সাত) দিন সময় দিতে পারিবে।

(৩) যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি উপ-বিধি (২) এ উল্লিখিত সময়ের মধ্যে তাহার আত্মপক্ষ সমর্থনের জন্য লিখিত জবাব পেশ করেন, সেইক্ষেত্রে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ সংক্রান্ত অন্যান্য বিষয়াদির সাক্ষ্য প্রমাণসহ তাহার উক্ত জবাব বিবেচনা করিবে অনুরূপ বিবেচনার পর যদি নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অভিমত পোষণ করে যে,—

(ক) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সূচিত কার্যধারাটি অগ্রসর হইবার পর্যাপ্ত কারণ নাই, তাহা হইলে উক্ত অভিযোগ প্রত্যাহার করিবেন এবং তদনুসারে উক্ত কার্যধারা নিষ্পত্তি হইবে;

(খ) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সূচিত কার্যধারাটি অগ্রসর হইবার পর্যাপ্ত কারণ রহিয়াছে, তাহা হইলে অভিযোগ অনুসন্ধানের জন্য ১ (এক) জন অনুসন্ধান কর্মকর্তা বা অনুরূপ একাধিক কর্মকর্তা সমন্বয়ে ১ (এক) টি অনুসন্ধান কমিটি গঠন করিবে।

(৪) যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি উপ-বিধি (২) এ উল্লিখিত সময়ের মধ্যে তাহার আত্মপক্ষ সমর্থনের জন্য লিখিত বিবৃতি পেশ না করেন, সেইক্ষেত্রে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত সময়সীমা শেষ হইবার তারিখ হইতে ১৫ (পনের) দিনের মধ্যে উক্ত অভিযোগ অনুসন্ধান করিবার জন্য ১ (এক) জন অনুসন্ধান কর্মকর্তা বা অনুরূপ একাধিক কর্মকর্তার সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করিবে।

(৫) উপ-বিধি (৩), বা ক্ষেত্রমত, উপ-বিধি (৪) এর অধীন কোনো অনুসন্ধান কমিটি গঠন করা হইলে, এই বিধিমালাতে অনুসন্ধানকারী কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য সকল বিধানাবলী অনুসন্ধান কমিটির ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।

(৬) উপ-বিধি (৩), বা ক্ষেত্রমত, উপ-বিধি (৪) এর অধীন গঠিত অনুসন্ধান কমিটির কোনো সদস্যের অনুপস্থিতির কারণে উহার কোনো কার্যক্রম বা সিদ্ধান্ত বাতিল হইবে না, কিংবা তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

(৭) অনুসন্ধান কর্মকর্তা প্রতিদিন সংশ্লিষ্ট বিষয়ে শুনানী অনুষ্ঠান করিবে এবং কারণ লিপিবদ্ধ না করিয়া উক্ত শুনানী মুলতবী রাখিবে না।

(৮) অভিযুক্ত ব্যক্তি যে সকল অভিযোগ অস্বীকার করেন, সেই সকল অভিযোগ সম্পর্কে মৌখিক সাক্ষ্য লিপিবদ্ধ করা হইবে এবং উক্ত অভিযোগের বিষয়ে প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ দলিলী সাক্ষ্য বিবেচনা করা হইবে।

(৯) অভিযুক্ত ব্যক্তি তাহার প্রতিপক্ষের সাক্ষ্যগণকে জেরা করিবার এবং তিনি ব্যক্তিগতভাবে সাক্ষ্য প্রদান করিবার এবং আত্মপক্ষ সমর্থন করিবার জন্য যে কোনো সাক্ষীকে হাজির করিতে পারিবে।

(১০) অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত বক্তব্য কিংবা ব্যক্তিগতভাবে হাজির হইয়া মৌখিক বক্তব্য প্রদান করিতে চাহিলে তাহাকে সুযোগ দিতে হইবে এবং তাহার প্রদত্ত বক্তব্য কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করিতে হইবে।

(১১) অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত জবাব এবং জবাবের সমর্থনে সকল দলিলাদি অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষরে দাখিল করিতে হইবে।

(১২) অনুসন্ধানকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করিয়া, কোনো নির্দিষ্ট সাক্ষীকে বা কোনো নির্দিষ্ট সাক্ষ্য তলব করিতে বা গ্রহণ করিতে অস্বীকার করিতে পারিবে।

(১৩) নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগের সমর্থনে অনুসন্ধানকারী কর্মকর্তার নিকট বিষয়টি উপস্থাপনের জন্য ১ (এক) জন উপস্থাপনকারী কর্মকর্তা নিয়োগ করিবে।

(১৪) অনুসন্ধানকারী কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, অভিযুক্ত ব্যক্তি অনুসন্ধানের অগ্রগতিতে বাধা প্রদান বা বাধা প্রদানের চেষ্টা করিতেছে, তাহা হইলে তিনি অভিযুক্ত ব্যক্তিকে এই ব্যাপারে লিখিতভাবে সতর্ক করিয়া দিবেন; এবং ইহার পরও যদি দেখিতে পান যে, অভিযুক্ত ব্যক্তি তাহা অমান্য করিয়া উক্ত কাজ করিতেছে, তাহা হইলে তিনি সেই মর্মে তাহার সিদ্ধান্ত লিপিবদ্ধ করিবেন এবং ন্যায় বিচারের জন্য তিনি যেইরূপ সর্বোত্তম বলিয়া মনে করিবে সেইরূপে উক্ত অনুসন্ধান সমাপ্ত করিবেন।

(১৫) অনুসন্ধানকারী কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, অভিযুক্ত ব্যক্তির আচরণ অনুসন্ধানকারী কর্মকর্তার কর্তৃত্বের প্রতি অবমাননাকর, তাহা হইলে তিনি তৎসম্পর্কিত প্রাসঙ্গিক ঘটনাবলী ও পরিস্থিতি লিপিবদ্ধ করিবেন এবং বিষয়টি নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মহাপরিচালক বা অন্য কোনো কর্মকর্তাকে অবহিত করিবে, অতঃপর নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উপযুক্ত বলিয়া বিবেচনা করিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে কার্যধারা সূচনা করিতে পারিবে।

(১৬) অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান সমাপ্তির পর ১০ (দশ) দিনের মধ্যে তাহার অনুসন্ধানের ফলাফল এবং প্রযোজ্য ক্ষেত্রে অর্থ মূল্যে ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক একটি অনুসন্ধান প্রতিবেদন নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করিবে।

(১৭) অনুসন্ধানকারী কর্মকর্তা সাক্ষীগণের প্রদত্ত বক্তব্য, প্রদর্শিত দলিলাদি ও অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য পর্যালোচনান্তে অভিযুক্ত ব্যক্তি দোষী বা নির্দোষ কিনা তাহা উল্লেখপূর্বক প্রতিটি অভিযোগের উপর মতামত প্রদান করিবেন।

(১৮) উপ-বিধি (১৭) এর অধীন প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনান্তে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে—

(ক) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগটি প্রথমবারের মত অভিযোগ এবং অভিযুক্ত ব্যক্তি অভিযোগ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে জরিমানা প্রদানের ক্ষেত্রে সম্মত আছেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এই বিধিতে এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিয়া উহা নিষ্পত্তি করিবে;

(খ) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগটি প্রথমবারের মত অভিযোগ কিন্তু অভিযুক্ত ব্যক্তি অভিযোগ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে জরিমানা প্রদানে সম্মত নন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি অনুসারে লিখিত অভিযোগ দায়ের করিবার জন্য সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করিবে এবং এইক্ষেত্রে ধারা ৩৩ এর বিধান প্রযোজ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭২ (PDF-এর পৃষ্ঠা ৩৮)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২৯, ধারা ৩৩