সুপেয় পানি এবং পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহার্য পানির অধিকার
(১) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সুপেয় পানি এবং পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশনের লক্ষ্যে ধারা ৩ এবং এই বিধিমালার অধীন পানি ব্যবহারের ক্ষেত্রে নির্বাহী কমিটির নির্দেশসমূহ বাস্তবায়ন করিবে।
(২) সরকার, সময়ে সময়ে, উপ-বিধি (১) এর অধীন জনগণের পানি ব্যবহারের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও ভৌগোলিক অবস্থা বিবেচনাক্রমে প্রত্যেক ব্যক্তির প্রতিদিন সুপেয় পানি, পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় পানির চাহিদা, পানি প্রাপ্তির সীমা ও পানির উৎসের সর্বোচ্চ কাম্য (Maximum) দূরত্ব নির্ধারণ করিতে পারিবে।
(৩) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, সকল নাগরিকের পানি সংশ্লিষ্ট অধিকারসমূহ যথাযথ পন্থায় বাস্তবায়ন তদারকির উদ্দেশ্যে এবং সময় সময়, পরিবীক্ষণ ও মূল্যায়ন করিবার লক্ষ্যে সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সহকারে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন করিবে এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে উহা নির্বাহী কমিটির নিকট উপস্থাপন করিবে।
(৪) উপ-বিধি (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, সমাজ ভিত্তিক প্রতিষ্ঠান এবং অন্য যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি পানি সম্পদ পরিকল্পনা সংস্থাকে সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৩৮ (PDF-এর পৃষ্ঠা ৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৩