যে সকল প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প ছাড়পত্র আবশ্যক
(১) কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নিম্নবর্ণিত প্রকল্পসমূহের ক্ষেত্রে ধারা ১৬ এর অধীন প্রকল্প ছাড়পত্র গ্রহণ করিতে হইবে, যথা:—
(ক) বন্যা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা প্রকল্প;
(খ) ভূপরিস্থ পানি আহরণ, সরবরাহ বা ব্যবহার সংক্রান্ত প্রকল্প বা প্রকল্পের অংশবিশেষ;
(গ) ভূপরিস্থ পানি দ্বারা সেচ প্রকল্প;
(ঘ) হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ প্রকল্প;
(ঙ) পানি সংরক্ষণ প্রকল্প;
(চ) বন্যা প্লাবিত সমতল ভূমি বা জলাভূমি উন্নয়ন প্রকল্প;
(ছ) শিল্পের জন্য ভূপরিস্থ পানি ব্যবহার প্রকল্প;
(জ) নদীর তীর সংরক্ষণ বা নদী শাসন প্রকল্প;
(ঝ) নদী খনন বা ড্রেজিং প্রকল্প;
(ঞ) খাল খনন বা পুনঃখনন প্রকল্প;
(ট) ভূপরিস্থ পানিতে মৎস্য উন্নয়ন প্রকল্প;
(ঠ) ভূগর্ভস্থ পানি আহরণ, সরবরাহ বা ব্যবহার সংক্রান্ত প্রকল্প বা প্রকল্পের অংশবিশেষ;
(ড) মহাপরিচালক কর্তৃক উপযুক্ত বিবেচিত অন্য কোন প্রকল্প।
(২) এই বিধিমালা প্রবর্তনের পর, কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ এই বিধিমালাতে বর্ণিত কার্যপদ্ধতি অনুসরণপূর্বক প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট হইতে প্রকল্প ছাড়পত্র গ্রহণ ব্যতীত উপ-বিধি (১) এ উল্লিখিত কোনো প্রকল্পের কোনো কার্যক্রমের দৃশ্যমান বা বাস্তব উদ্যোগ গ্রহণ বা শুরু করিতে পারিবে না।
(৩) যদি কোনো আবেদনকারী উপ-বিধি (২) এর অধীন আরোপিত বিধি-নিষেধ লঙ্ঘনপূর্বক প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট হইতে প্রকল্প ছাড়পত্র গ্রহণ ব্যতীত কোনো প্রকল্প গ্রহণ বা পরিচালনা করে, তাহা হইলে উক্ত আবেদনকারীর বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৩ (PDF-এর পৃষ্ঠা ১৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৬