সংজ্ঞা
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায় —
(১) “অনাপত্তি” অর্থ বিধি ৩৩ এর অধীন ইস্যুকৃত কোনো অনাপত্তি;
(২) “অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ” অর্থ বিধি ৩০ এ উল্লিখিত কোনো কর্তৃপক্ষ;
(৩) “অপসারণ আদেশ” অর্থ ধারা ১৩ এর অধীন ইস্যুকৃত কোনো আদেশ;
(৪) “আইন” অর্থ বাংলাদেশ পানি আইন, ২০১৩ (২০১৩ সনের ১৪ নং আইন);
(৫) “আবেদনকারী” অর্থ এই বিধিমালার অধীন আবেদনপত্র দাখিলকারী কোনো উপযুক্ত কর্তৃপক্ষ, ব্যক্তি বা সংস্থা;
(৬) “আবেদনপত্র” অর্থ নিম্নবর্ণিত কোনো উদ্দেশ্যে এই বিধিমালার অধীন দাখিলকৃত কোনো আবেদনপত্র —
(ক) অনুমতি, অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্র; বা
(খ) অনুমতি, অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্র সনদের প্রত্যায়িত কপি; বা
(গ) অনুমতি, অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্র বাতিল আদেশ প্রত্যাহার; বা
(ঘ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় স্থাপিত তথ্য-উপাত্ত ভান্ডার হইতে কোনো তথ্য প্রাপ্তি; বা
(ঙ) এই বিধিমালার অধীন উপরে উল্লিখিত আবেদন ব্যতীত অন্য যে কোনো আবেদন;
(৭) “ইউনিয়ন কমিটি” অর্থ বিধি ১৬ এর অধীন গঠিত ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি;
(৮) “উপকূল” অর্থ উপকূলীয় খাঁড়িসহ উপকূলীয় এলাকা;
(৯) “উপজেলা কমিটি” অর্থ বিধি ১৫ এর অধীন গঠিত উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি;
(১০) “উপযুক্ত কর্তৃপক্ষ” অর্থ ধারা ২ এর দফা (১) এ সংজ্ঞায়িত উপযুক্ত কর্তৃপক্ষ;
(১১) “কমিটি” অর্থ এই বিধিমালাতে উল্লিখিত জেলা, উপজেলা বা ইউনিয়নের ১ (এক) বা একাধিক কমিটি;
(১২) “কারিগরি কমিটি” অর্থ বিধি ২১ এর অধীন গঠিত কারিগরি কমিটি;
(১৩) “কারিগরি প্রতিবেদন” অর্থ বিধি ২২ এর অধীন প্রণীত কোনো প্রতিবেদন;
(১৪) “কৃষি” অর্থ —
(ক) শস্য বা অন্য যে কোনো ফসল উৎপাদন;
(খ) উদ্যানকৃষি (horticulture);
(গ) বনায়ন;
(ঘ) মৎস্য চাষ ও উৎপাদন;
(ঙ) পশুপালন ও পশুজাত পণ্য উৎপাদন;
(চ) পোল্ট্রি ও পশু খাদ্য উৎপাদন;
(ছ) হাঁস-মুরগীর খামার পরিচালন;
(জ) দুগ্ধ খামার পরিচালন;
(ঝ) মৌমাছি পালন;
(ঞ) রেশম চাষ; এবং
(ট) অনুরূপ কোনো কৃষিভিত্তিক উৎপাদন বা প্রক্রিয়া;
(১৫) “জাতীয় পানি সম্পদ পরিকল্পনা” অর্থ ধারা ১৫ এ উল্লিখিত জাতীয় পানি সম্পদ পরিকল্পনা;
(১৬) “জেলা কমিটি” অর্থ বিধি ১৪ এর অধীন গঠিত জেলা সমন্বিত পানি ব্যবস্থাপনা কমিটি;
(১৭) “ড্যাম ও ব্যারাজ” অর্থ নদীর প্রবাহের আড়াআড়ি মাটি, কংক্রিট, রাবার বা অন্য যে কোনো উপাদান দ্বারা নির্মিত কোনো অবকাঠামো;
(১৮) “ধারা” অর্থ আইনের কোনো ধারা;
(১৯) “নলকূপ” অর্থ পানি আহরণ ও সরবরাহ বা সেচের জন্য ব্যবহৃত নিম্নোক্ত নলকূপ, যথা:
(ক) “অগভীর নলকূপ (Shallow Tube Well)” অর্থ এইরূপ নলকূপ যাহা ভূগর্ভস্থ পানির স্তর হইতে প্রাইম মোভার সংযুক্ত সেন্ট্রিফিউগাল পাম্প দ্বারা সাকশন পদ্ধতিতে পানি উত্তোলনে সক্ষম;
(খ) “গভীর নলকূপ (Deep Tube well)” অর্থ এইরূপ নলকূপ যাহা ভূগর্ভস্থ পানির স্তর হইতে সাবমারসিবল পাম্প সেট অথবা প্রাইম মোভার সংযুক্ত টারবাইন পাম্প দ্বারা ফোর্সমোডে পানি উত্তোলন করে;
(গ) “ডিপসেট অগভীর নলকূপ (Deep-set Shallow Tube well)” অর্থ এইরূপ নলকূপ যাহা ভূগর্ভস্থ পানির স্তর হইতে প্রাইম মোভার সংযুক্ত সেন্ট্রিফিউগাল পাম্প দ্বারা সাকশন পদ্ধতিতে পানি উত্তোলনের জন্য ভূতলের নীচে বসানো হয়;
(ঘ) “হস্তচালিত নলকূপ (Hand Tube well)” অর্থ এইরূপ নলকূপ যাহা সাকশন পদ্ধতিতে পানি উত্তোলনে সক্ষম;
(ঙ) “হস্তচালিত গভীর নলকূপ (Deep Hand Tube well)” অর্থ এইরূপ নলকূপ যাহা পাম্পের ভাল্ব ভূতলের নিচে স্থাপনক্রমে একটি রড দ্বারা বা অন্য কোন পদ্ধতিতে ফোর্সমোডে পরিচালিত কোনো হস্তচালিত নলকূপ;
(২০) “নির্বাহী কমিটি” অর্থ ধারা ২ এর দফা (৯) এ সংজ্ঞায়িত নির্বাহী কমিটি;
(২১) “পানি সম্পদের সমন্বিত উন্নয়ন” অর্থ এইরূপ একটি প্রক্রিয়া যা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষতি না করিয়া সর্বাধিক অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের লক্ষ্যে পানি, ভূমি এবং তৎসম্পর্কিত সম্পদের সমন্বিত উন্নয়ন ও ব্যবস্থাপনাকে বিকশিত করে;
(২২) “পরিদর্শন প্রতিবেদন” অর্থ এই বিধিমালার অধীন প্রণীত কোনো পরিদর্শন প্রতিবেদন;
(২৩) “প্লাবন ভূমি” অর্থ স্বাভাবিক বর্ষায় নদীর পানি উপচাইয়া যে এলাকা পর্যন্ত প্লাবিত হয় উক্ত এলাকা;
(২৪) “প্রকল্প” অর্থ বিধি ১৯ এ উল্লিখিত ১ (এক) বা একাধিক পানি সম্পদ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প;
(২৫) “প্রকল্প ছাড়পত্র” অর্থ বিধি ২৩ এর অধীন ইস্যুকৃত প্রকল্প ছাড়পত্র;
(২৬) “প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ” অর্থ বিধি ১৩ এ উল্লিখিত প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ;
(২৭) “প্রকল্প ছাড়পত্রধারী” অর্থ এইরূপ ব্যক্তি যাহার আবেদন প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর হইয়াছে এবং যাহার প্রতি প্রকল্প ছাড়পত্র ইস্যু করা হইয়াছে;
(২৮) “ফরম” অর্থ এই বিধিমালার তফসিলে উল্লিখিত বা মহাপরিচালক কর্তৃক, সময় সময়, জারীকৃত কোনো ফরম;
(২৯) “ফি” অর্থ বিধি ৪৭ এর অধীন নির্ধারিত ফি;
(৩০) “ব্যক্তি” অর্থ ধারা ২ এর দফা (২৫) এ উল্লিখিত ব্যক্তি;
(৩১) “সার্বিক পরিকল্পনা” অর্থ পানি সম্পদের সমন্বিত উন্নয়নের জন্য গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা;
(৩২) “সুপেয় পানি” অর্থ পানযোগ্য নিরাপদ পানি;
(৩৩) “স্থাপনা” অর্থে যে কোনো ধরণের ভৌত অবকাঠামোও অন্তর্ভুক্ত হইবে;
(৩৪) “ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা” অর্থ নির্বাহী কমিটি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মহাপরিচালক এবং অন্য কোনো কর্মকর্তা।
(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ ও অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে সংজ্ঞায়িত অর্থে গৃহীত হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৩৫ (PDF-এর পৃষ্ঠা ১)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২, ধারা ১৩, ধারা ১৫