RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৪৩

প্রতিপালন বা সুরক্ষা আদেশ লঙ্ঘন করিবার ক্ষেত্রে জরিমানা আরোপের পদ্ধতি

ত্রয়োদশ অধ্যায়: প্রতিপালন বা সুরক্ষা আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা আরোপের পদ্ধতি

(১) যদি কোনো ব্যক্তি নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আইনের অধীন প্রদত্ত প্রতিপালন বা সুরক্ষা আদেশ প্রথমবার লঙ্ঘন করিয়াছেন বা অবজ্ঞা করিয়াছেন মর্মে, বিধি ৪২ এর অধীন অনুষ্ঠিত অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা —

(ক) অনুসন্ধান প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগনামা প্রণয়ন করিবেন এবং প্রস্তাবিত জরিমানার বিষয় উহাতে উল্লেখ করিবেন, এবং যে সকল অভিযোগের ভিত্তিতে অভিযোগনামাটি প্রণীত হইয়াছে উহার বিবরণ এবং নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আদেশ প্রদানের সময়ে অন্য যে সকল ঘটনা বিবেচনা করিবার ইচ্ছা পোষণ করেন তাহাও উক্ত ব্যক্তিকে অবহিত করিবেন;

(খ) অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর কপি সরবরাহ করিবেন;

(গ) অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগনামা অবহিত করিবার পর ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তিনি তাহার আত্মপক্ষ সমর্থনে লিখিত বিবৃতি পেশ এবং প্রস্তাবিত জরিমানা কেন তাহার উপর আরোপ করা হইবে না তৎসম্পর্কে কারণ দর্শাইবেন এবং তিনি ব্যক্তিগতভাবে শুনানীর ইচ্ছা পোষণ করেন কিনা তাহাও উল্লেখ করিবেন:

তবে শর্ত থাকে যে, উল্লিখিত মেয়াদ শেষ হইবার পূর্বে অভিযুক্ত ব্যক্তি যদি সময় বৃদ্ধির জন্য আবেদন করেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা তাহাকে তাহার লিখিত জবাব পেশ করার জন্য অতিরিক্ত ১০ (দশ) দিন সময় দিতে পারিবেন।

(২) যেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি উপ-বিধি (১) এর দফা (গ) এ উল্লিখিত সময়ের মধ্যে তাহার আত্মপক্ষ সমর্থনের জন্য জবাব পেশ করেন, সেইক্ষেত্রে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ সংক্রান্ত অন্যান্য বিষয়াদির সাক্ষ্য প্রমাণসহ তাহার উক্ত জবাব বিবেচনা করিবেন এবং অনুরূপ বিবেচনার পর নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যদি অভিমত পোষন করেন যে, —

(ক) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সূচিত কার্যধারাটি অগ্রসর হইবার পর্যাপ্ত কারণ নাই, তাহা হইলে উক্ত অভিযোগ প্রত্যাহার করিবেন এবং তদনুসারে উক্ত কার্যধারা নিষ্পত্তি হইবে;

(খ) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সূচিত কার্যধারাটি অগ্রসর হইবার পর্যাপ্ত কারণ আছে, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উহার কারণ লিপিবদ্ধ করিয়া অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা আরোপের সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে আদেশ প্রাপ্তির অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে আরোপিত জরিমানা সরকারি কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করিয়া চালানের মূল কপি দাখিল করিবার জন্য লিখিতভাবে নির্দেশনা প্রদান করিবেন।

(৩) উপ-বিধি ২ এর দফা (খ) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা জমা প্রদানের মূল কপি প্রাপ্তির পর নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা জরিমানা আদায়ের বিষয়টি লিপিবদ্ধ করিবেন এবং অভিযুক্ত ব্যক্তির প্রথমবার অপরাধের দায় অবলোপন করিয়া কার্যধারাটি নিষ্পত্তি করিবেন।

(৪) উপ-বিধি (২) এ উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি আরোপিত জরিমানার টাকা জমা প্রদানে ব্যর্থ হইলে উক্ত জরিমানার টাকা সরকারি পাওনা হিসাবে Public Demands Recovery Act, 1913 (Act III of 1913) এর অধীন আদায়যোগ্য হইবে।

(৫) এই বিধিমালার অধীন অনুসন্ধান কার্যধারায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ লিপিবদ্ধ থাকিতে হইবে এবং যে ক্ষেত্রে কোনো অনুসন্ধান কর্মকর্তা বা অনুসন্ধান কমিটি নিযুক্ত করা হয় সেইক্ষেত্রে উক্ত কর্মকর্তা বা কমিটির অনুসন্ধানের প্রতিবেদন যুক্তিসংগত কারণ সম্বলিত হইতে হইবে।

(৬) এই বিধির অধীন সকল অনুসন্ধান কার্যধারা গোপনীয় বলিয়া গণ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৪ (PDF-এর পৃষ্ঠা ৪০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)