জাতীয় পানি সম্পদ তথ্য-উপাত্ত ভান্ডার
(১) ধারা ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ উহার কার্যপরিধির আওতাধীন আন্তঃদেশীয় নদী ও অন্যান্য পানি সম্পদ সংশ্লিষ্ট তথ্য উপাত্ত নিজ উদ্যোগে সংগ্রহ করিবে এবং উহা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার জাতীয় পানি সম্পদ তথ্য-উপাত্ত ভান্ডার (NWRD) এ সংরক্ষণ করিবার জন্য সরবরাহ করিবে।
(২) জাতীয় পানি সম্পদ তথ্য-উপাত্ত ভান্ডার (NWRD) আন্তঃদেশীয় নদী সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কর্মকান্ড সম্পাদনের উদ্দেশ্যে তথ্য সরবরাহ করিবে।
(৩) বিদেশী রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহের সহিত পানি সম্পদ সংশ্লিষ্ট যে কোনো তথ্য-উপাত্ত বিনিময়ের ক্ষেত্রে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সরকারকে সহযোগিতা প্রদান করিবে।
(৪) আন্তঃদেশীয় নদীর উপর বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অনুসন্ধান কার্যক্রমে যৌথ নদী কমিশন, বাংলাদেশকে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সহায়তা প্রদান করিবে।
(৫) দেশ-বিদেশ হইতে প্রাপ্ত তথ্য এবং গবেষণা লব্ধ ফলাফল বা তথ্য-উপাত্ত জাতীয় তথ্য- উপাত্ত ভান্ডারে সংরক্ষিত হইবে।
(৬) সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী জাতীয় পানি সম্পদ তথ্য-উপাত্ত ভান্ডার হইতে তথ্যাদি সরবরাহ করা যাইবে:
তবে শর্ত থাকে যে, সরকার ঘোষিত ক্লাসিফাইড (Classified) তথ্য-উপাত্ত সরকারের অনুমতি ব্যতিরেকে কোনো ব্যক্তি বা সংস্থাকে সরবরাহ করা যাইবে না।
(৭) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এককভাবে বা অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন দেশের পানি সম্পদের সমন্বিত ব্যবহার, ব্যবস্থাপনা, পরিকল্পনা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে-
(ক) দেশে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করিতে পারিবে এবং বিদেশে উক্তরূপ প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করিতে পারিবে; এবং
(খ) দফা (ক) এ বর্ণিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার হইতে লব্ধজ্ঞান এবং ফলাফল তথ্য ভান্ডারে সংরক্ষণ করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৩৯ (PDF-এর পৃষ্ঠা ৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৭