RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৫০

প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ রেজিস্টার বা নিবন্ধন বহি সংরক্ষণ

চতুর্দশ অধ্যায়: বিবিধ

(১) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, ফরম ১০ এ এই বিধিমালায় বর্ণিত পদ্ধতি অনুসারে ইস্যুকৃত প্রকল্প ছাড়পত্রের জন্য দাখিলকৃত আবেদনপত্রে বর্ণিত তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে একটি নিবন্ধন বহি সংরক্ষণ করিবে যাহাতে প্রকল্প ছাড়পত্রের জন্য দাখিলকৃত আবেদনপত্রে বর্ণিত তথ্যাদি লিপিবদ্ধ থাকিবে।

(২) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, উপ-বিধি (১) এ উল্লিখিত নিবন্ধন বহির অতিরিক্ত, নিম্নবর্ণিত বিষয়ের তথ্য বা বিবরণাদি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অন্যান্য নিবন্ধন বহি সংরক্ষণ করিতে পারিবে, যথা:—

(ক) কারিগরি কমিটি (কারিগরি কমিটির নিবন্ধন বহি);

(খ) পরিদর্শকগণ (পরিদর্শকগণের নিবন্ধন বহি);

(গ) কারিগরি প্রতিবেদন (কারিগরি প্রতিবেদনের নিবন্ধন বহি);

(ঘ) অনুসন্ধান প্রতিবেদন (অনুসন্ধান প্রতিবেদনের নিবন্ধন বহি);

(ঙ) পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন (পরিবীক্ষণ প্রতিবেদনের নিবন্ধন বহি);

(চ) গণবিজ্ঞপ্তি (গণবিজ্ঞপ্তির নিবন্ধন বহি); এবং

(ছ) অন্যান্য নিবন্ধন বহি, প্রয়োজন হইলে।

(৩) উপ-বিধি (২) এ বর্ণিত নিবন্ধন বহিসমূহ প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ পদ্ধতিতে সংরক্ষণ করিবে।

(৪) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ নিবন্ধন বহির যে কোনো ভুল সংশোধন করিতে পারিবে যদি তাহার নিকট প্রতীয়মান হয় যে, উক্ত ভুল কোনো করণিক ভুল অথবা ভুলকারী কর্মচারীর তরফ হইতে উহা একটি অনিচ্ছাকৃত ভুল।

(৫) বিধি ৫১ এর উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ এই বিধিমালার অধীন সংরক্ষিত রেজিস্টার বা নিবন্ধন বহি স্থায়ীভাবে সংরক্ষণ করিবে এবং কখনও ধ্বংস করিবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৭ (PDF-এর পৃষ্ঠা ৪৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-১০