RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৭

বন্যা নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণার পদ্ধতি

একাদশ অধ্যায়: জলস্রোতের স্বাভাবিক প্রবাহ ব্যবস্থাপনা

(১) ধারা ২৫ এর উদ্দেশ্য পূরণকল্পে, নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মহাপরিচালক এই বিধিমালার বিধানাবলী অনুসরণক্রমে যে কোনো জলাভূমিকে বন্যা নিয়ন্ত্রণ অঞ্চল হিসাবে ঘোষণা করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে মহাপরিচালক বন্যার পানি প্রবাহের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণপূর্বক নদী, খাল, ও সিএস বা আরএস খতিয়ান বা মহানগর রেকর্ডে নিম্ন অঞ্চল হিসাবে শ্রেণিভুক্ত অববাহিকা (ক্যাচমেন্ট) এর প্রয়োজনীয় জরিপ ও চিহ্নিতকরণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ অঞ্চলের সীমানা নির্ধারণ করিবে এবং উহা সরকারি গেজেটে প্রকাশ করিবে।

(৩) কোনো ব্যক্তি, মহাপরিচালকের পূর্বানুমতি ব্যতীত, বন্যার পানি প্রবাহিত অঞ্চলে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করিতে পারিবে না।

(৪) নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক বন্যা নিয়ন্ত্রণ অঞ্চল সুরক্ষার জন্য সাধারণ ক্ষেত্রে, যথাযথ অনুসন্ধান, জরিপ ও কারিগরি সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্যাদি নির্বাহী কমিটির নিকট অনুমোদনের জন্য উপস্থাপন করিবে এবং উক্ত অঞ্চলের মধ্য দিয়া বন্যার পানি প্রবাহে বাধা বা জলাধারে পানি প্রবাহ পরিবর্তনকারী যে কোনো কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে বা উক্ত কর্মকান্ডে শর্ত আরোপ করিতে পারিবে।

(৫) নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক বন্যা নিয়ন্ত্রণ অঞ্চল সুরক্ষার জন্য বিশেষ ক্ষেত্রে আদেশ দ্বারা, উপ-বিধি (৬) এর বিধান সাপেক্ষে, উক্ত অঞ্চলের মধ্য দিয়া বন্যার পানি প্রবাহে বাধা বা জলাধারে পানি প্রবাহ পরিবর্তনকারী যে কোনো কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে বা উক্ত কর্মকান্ডে শর্ত আরোপ করিতে পারিবে।

(৬) উপ-বিধি (৫) এ উল্লিখিত নিষিদ্ধকরণ বা উক্তরূপ যেকোনো কর্মকান্ডের উপর শর্তারোপের নিমিত্তে নির্বাহী কমিটির পক্ষে মহাপরিচালক দ্রুত জরিপ ও কারিগরি অনুসন্ধান সম্পন্ন করিয়া নির্বাহী কমিটির সভাপতির অনুমোদন গ্রহণ করিবে এবং উহা ভূতাপেক্ষ অনুমোদনের জন্য নির্বাহী কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করিবে।

(৭) উপ-বিধি (৫) এর বিধানাবলী সাপেক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ফরম ১৮ এবং ফরম ১৯ অনুসারে শর্তারোপ করিতে পারিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৯ (PDF-এর পৃষ্ঠা ৩৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২৫

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-১৮, ফরম-১৯