RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৩

ভূগর্ভস্থ পানি ব্যবহারপূর্বক পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের অনাপত্তি

দশম অধ্যায়: ভূগর্ভস্থ পানির সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা

(১) ধারা ১৯ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, ভূগর্ভস্থ পানি আহরণ, সরবরাহ ও ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রকল্প বা প্রকল্পের সংশ্লিষ্ট অংশের অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ হইবে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা।

(২) এই বিধিমালা প্রবর্তনের পর ভূগর্ভস্থ পানি আহরণ, সরবরাহ ও ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রকল্প বা প্রকল্পের সংশ্লিষ্ট অংশের অনাপত্তি গ্রহণের জন্য ইচ্ছুক যে কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে ফরম-৩.১২ এ আবেদন করিতে হইবে।

(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, এই বিধিমালা প্রবর্তনের পূর্বে গৃহীত কোনো প্রকল্প অব্যাহত রাখিতে ইচ্ছুক প্রত্যেক আবেদনকারীকে এই বিধিমালা প্রবর্তনের ১ (এক) বৎসরের মধ্যে বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উপ-বিধি (২) এ বর্ণিত প্রকল্পের অনাপত্তির জন্য পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিকট আবেদন করিতে হইবে ।

(৪) উপ-বিধি (২) এবং (৩) এ উল্লিখিত প্রকল্পের আবেদনকারীকে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক এতদসংশ্লিষ্ট নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে, প্রকল্পের বিবরণ এবং আবেদন ফরমে নির্দিষ্টকৃত তথ্য ও দলিলাদিসহ আবেদন দাখিল করিতে হইবে।

(৫) উপ-বিধি (২) এবং (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রকল্প অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ—

(ক) আবেদনকারীর নিকট আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো তথ্য যাচনা করিতে পারিবে; বা

(খ) আবেদন বিবেচনার জন্য প্রয়োজনীয় বা প্রযোজ্য নহে এইরূপ কোনো তথ্য সরবরাহ করা হইতে আবেদনকারীকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৬) আবেদনকারী প্রকল্পের নেতিবাচক প্রভাব চিহ্নিত করিয়া উহা প্রতিকারের বিবরণ আবেদনে উল্লেখ করিবে।

(৭) উপ-বিধি (২) এবং (৩) এর অধীন আবেদন প্রাপ্তির পর, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা উহা রেজিষ্টারে এন্ট্রির ব্যবস্থা করিয়া একটি ক্রমিক নম্বর প্রদান ও প্রাপ্তি স্বীকার করিবে।

(৮) উপ-বিধি (২) এবং (৩) এর অধীন আবেদন প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আবেদনের সম্পূর্ণতা বা অসম্পূর্ণতা সম্পর্কে আবেদনকারীকে অবহিত করিতে হইবে।

(৯) উপ-বিধি (২) এবং (৩) এর অধীন প্রাপ্ত আবেদন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার কারিগরি কমিটির নিকট যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করিতে হইবে।

(১০) ভূগর্ভস্থ পানি আহরণ, সরবরাহ ও ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রকল্প বা প্রকল্পের সংশ্লিষ্ট অংশের অনাপত্তি প্রদানের ক্ষেত্রে কারিগরি কমিটি নিম্নোক্ত বিষয়াদি বিবেচনা করিবে, যথা:—

(ক) প্রকল্পটি ভূগর্ভস্থ পানি ব্যবহার ব্যতীত ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে বাস্তবায়ন যোগ্য কিনা;

(খ) প্রকল্পটি বিদ্যমান পানির ধারক স্তরকে নিম্নগামী করিবে কিনা তাহা প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হইবে কিনা;

(গ) প্রকল্পটির নিকটস্থ বিদ্যমান অনুরূপ কোনো প্রকল্পের উপর ক্ষতিকর কোনো প্রভাব ফেলিবে কিনা;

(ঘ) প্রকল্পটি ভূগর্ভস্থ পানির নিরাপদ সীমার নিম্নে হইতে পানি উত্তোলন করিবে কিনা;

(ঙ) প্রকল্পটির উদ্দেশ্য পানি ব্যবহার সংক্রান্ত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা আছে কিনা;

(চ) প্রকল্পটি বিদ্যমান পানি অধিকারের সহিত সাংঘর্ষিক কিনা;

(ছ) প্রকল্পটি পানি আহরণের পর উহা পুনর্ভরনের কোনো ব্যবস্থা আছে কিনা;

(জ) প্রকল্পটি হইতে নির্গমিত পানি পরিবেশ ও ভূপরিস্থ পানির উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলিবে কিনা;

(ঝ) সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে কিনা; এবং

(ঞ) মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্যান্য যে কোনো বিষয়।

(১১) মহাপরিচালক, সময়ে সময়ে এবং প্রয়োজনীয়তার নিরিখে দাপ্তরিক আদেশ দ্বারা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় কর্মরত কর্মকর্তা এবং পানি সম্পদ প্রকৌশল বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধি, পেশাজীবী এবং বিশেষজ্ঞ সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করিতে পারিবে।

(১২) উপ-বিধি (২) এবং (৩) এর অধীন কোনো আবেদন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্দিষ্টকৃত পদ্ধতিতে সরাসরি দাখিল করা যাইবে।

(১৩) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক আবেদনপত্রটি মঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হইলে ফরম ৪ এ আবেদনকারীর নিকট হইতে একটি অঙ্গীকারনামা গ্রহণ করিবেন এবং আবেদনকারীর অনুকূলে ফরম ৫.১২ এ অনাপত্তি পত্র ইস্যু করিবে।

(১৪) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পূর্বানুমতি ব্যতীত অনাপত্তিপত্রটি হস্তান্তরযোগ্য হইবে না।

(১৫) যে ক্ষেত্রে এই বিধিমালার অধীন অনাপত্তি গ্রহণ করা হয়, সেইক্ষেত্রে অষ্টম অধ্যায়ের অধীন কোনো ছাড়পত্র গ্রহণের প্রয়োজন হইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৬ (PDF-এর পৃষ্ঠা ৩২)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৯

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৩.১২, ফরম-৪, ফরম-৫.১২