RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি১৪

জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি

অষ্টম অধ্যায়: প্রকল্প ছাড়পত্র

(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক জেলায় জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি নামে, অতঃপর জেলা কমিটি হিসাবে অভিহিত, একটি কমিটি থাকিবে।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত জেলা কমিটি নিম্নবর্ণিত সদস্য ও কারিগরি সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:—

(ক) জেলা প্রশাসক- সভাপতি;

(খ) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ- সদস্য

(গ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ১ (এক) জন অতিরিক্ত জেলা প্রশাসক- সদস্য;

(ঘ) জেলা মৎস্য কর্মকর্তা- কারিগরি সদস্য;

(ঙ) উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর- কারিগরি সদস্য;

(চ) নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড - কারিগরি সদস্য;

(ছ) নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- কারিগরি সদস্য;

(জ) নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর- কারিগরি সদস্য;

(ঝ) নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন- কারিগরি সদস্য;

(ঞ) জেলা চেম্বার অব কমার্স এর ১ (এক) জন প্রতিনিধি - সদস্য;

(ট) সভাপতি কর্তৃক মনোনীত ১ (এক) জন এনজিও প্রতিনিধি - সদস্য;

(ঠ) নির্বাহী প্রকৌশলী, সিটি কর্পোরেশন (যদি থাকে) -কারিগরি সদস্য;

(ড) নির্বাহী প্রকৌশলী, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (যদি থাকে)- কারিগরি সদস্য;

(ঢ) বিসিক এর জেলা পর্যায়ের একজন প্রতিনিধি (যদি থাকে) - সদস্য;

(ণ) নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (যদি থাকে)- কারিগরি সদস্য;

(ত) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা- কারিগরি সদস্য;

(থ) নির্বাহী প্রকৌশলী, পৌরসভা (যদি থাকে)- কারিগরি সদস্য;

(দ) হাওর অঞ্চলের জেলাসমূহে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিনিধি- কারিগরি সদস্য;

(ধ) উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর (যদি থাকে)- সদস্য;

(ন) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধি- সদস্য-সচিব:

তবে শর্ত থাকে যে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধির অবর্তমানে দফা (চ) এ উল্লিখিত কারিগরি সদস্য, সদস্য-সচিব হইবেন।

(৩) জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনে উপ-বিধি (২) এ উল্লিখিত সদস্য ছাড়াও অন্য কোন সদস্য কো-অপ্ট করিতে পারিবেন।

(৪) জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য জেলা কমিটিকে উপদেষ্টা হিসাবে পরামর্শ প্রদান করিতে পারিবেন।

(৫) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, জেলা কমিটির দায়-দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) জেলা কারিগরি কমিটির প্রতিবেদন বিবেচনাক্রমে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সীমা অনুযায়ী প্রকল্প ছাড়পত্র ইস্যু করার জন্য সুপারিশ করা;

(খ) পানি সম্পদ ব্যবহারের সুযোগ, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা সনাক্ত ও পর্যালোচনা করা এবং তদনুসারে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় সংশ্লিষ্ট জেলা পানি সম্পদ পরিকল্পনা, যদি থাকে, অনুমোদনের জন্য সুপারিশ করা;

(গ) ইউনিয়ন ও উপজেলা কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে উক্ত কমিটিকে সহায়তা করা;

(ঘ) জেলার মধ্যে পানি সম্পদ খাতে কার্যরত সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকাধীন সংস্থা বা এজেন্সিসমূহের কার্যক্রম সমন্বয় সাধন ও তদারকি করা;

(ঙ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা, এজেন্সি, ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত আদেশ বা নির্দেশনা প্রতিপালন ও পরিবীক্ষণ করা এবং তদনুসারে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিকট প্রতিবেদন দাখিল করা;

(চ) পানি সম্পদ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের ছাড়পত্রে বর্ণিত শর্ত ভঙ্গের পরিপ্রেক্ষিতে উহা বাতিলের সুপারিশ করা;

(ছ) পানি সম্পদ সংশ্লিষ্ট তথ্যভান্ডার প্রণয়ন ও উহা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত শেয়ার করা;

(জ) গাইডলাইন অনুসারে পানি সম্পদের সমন্বিত উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা;

(ঝ) অধিকতর সমন্বয় সাধনকল্পে উপজেলা কমিটি ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত সংযোগ স্থাপন;

(ঞ) প্রতিপালন আদেশ, অপসারণ আদেশ বা, ক্ষেত্রমত, সুরক্ষা আদেশ জারি করার সুপারিশ করা;

(ট) ধারা ১৬ এর অধীন প্রাপ্ত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;

(ঠ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়-দায়িত্ব পালন করা।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৭ (PDF-এর পৃষ্ঠা ১৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৬