উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি
(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক উপজেলায় উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি নামে, অতঃপর উপজেলা কমিটি হিসাবে অভিহিত, একটি কমিটি থাকিবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত উপজেলা কমিটি নিম্নবর্ণিত সদস্য ও কারিগরি সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:—
(ক) উপজেলা নির্বাহী অফিসার - সভাপতি;
(খ) সহকারী কমিশনার, ভূমি - সদস্য;
(গ) উপ-বিভাগীয় প্রকৌশলী, বাপাউবো- কারিগরি সদস্য;
(ঘ) উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- কারিগরি সদস্য;
(ঙ) সহকারী প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন- কারিগরি সদস্য;
(চ) উপজেলা কৃষি কর্মকর্তা - কারিগরি সদস্য;
(ছ) উপজেলা মৎস্য কর্মকর্তা- কারিগরি সদস্য;
(জ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- সদস্য;
(ঝ) সভাপতি কর্তৃক মনোনীত একজন এনজিও প্রতিনিধি - সদস্য;
(ঞ) জেলা চেম্বার অব কমার্স কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি - সদস্য;
(ট) সভাপতি কর্তৃক মনোনীত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির একজন প্রতিনিধি (প্রযোজ্য ক্ষেত্রে) - সদস্য;
(ঠ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি (যদি থাকে)- কারিগরি সদস্য;
(ড) সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট পৌরসভা (যদি থাকে) - সদস্য;
(ঢ) সহকারী প্রকৌশলী, বিএমডিএ (যদি থাকে)- কারিগরি সদস্য;
(ণ) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- কারিগরি সদস্য;
(ত) হাওর অঞ্চলের জেলাসমূহে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিনিধি- কারিগরি সদস্য;
(থ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধি- সদস্য-সচিব:
তবে শর্ত থাকে যে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধির অবর্তমানে দফা (ঘ) এ উল্লিখিত কারিগরি সদস্য সদস্য-সচিব হইবেন।
(৩) উপজেলা কমিটি প্রয়োজনে উপ-বিধি (২) এ উল্লিখিত সদস্য ছাড়াও অন্য কোন সদস্য কো-অপ্ট করিতে পারিবে।
(৪) উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা কমিটিকে উপদেষ্টা হিসাবে পরামর্শ প্রদান করিতে পারিবেন।
(৫) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, উপজেলা কমিটির দায়-দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—
(ক) উপজেলা কারিগরি কমিটির প্রতিবেদন বিবেচনাক্রমে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সীমা অনুযায়ী প্রকল্প ছাড়পত্র ইস্যুর জন্য সুপারিশ করা;
(খ) পানি সম্পদ ব্যবহারের পরিধি বা সুযোগ, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা সনাক্ত ও পর্যালোচনা করা এবং তদনুসারে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় উপজেলা পানি সম্পদ পরিকল্পনা (যদি থাকে) অনুমোদনের জন্য সুপারিশ করা;
(গ) ইউনিয়ন কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং যখন যেভাবে প্রয়োজন উহাদিগকে সহায়তা করা;
(ঘ) উপজেলার মধ্যে পানি সম্পদ খাতে কার্যরত সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকাধীন সংস্থা বা এজেন্সিসমূহের কার্যক্রম সমন্বয় সাধন ও তদারকি করা;
(ঙ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক জারীকৃত আদেশ বা নির্দেশনার প্রতিপালন পরিবীক্ষণ এবং তদনুসারে জেলা কমিটির নিকট প্রতিবেদন দাখিল করা;
(চ) পানি সম্পদ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের ছাড়পত্রে বর্ণিত শর্ত ভঙ্গের পরিপ্রেক্ষিতে উহা বাতিল করার জন্য সুপারিশ করা;
(ছ) পানি সম্পদ সংশ্লিষ্ট তথ্যভান্ডার প্রণয়ন ও উহা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত শেয়ার করা;
(জ) গাইডলাইন অনুসারে পানি সম্পদের সমন্বিত উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা;
(ঝ) অধিকতর সমন্বয় সাধনকল্পে জেলা কমিটি ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত সংযোগ স্থাপন করা;
(ঞ) প্রতিপালন আদেশ, অপসারণ আদেশ বা ক্ষেত্রমত, সুরক্ষা আদেশ জারি করার সুপারিশ করা;
(ট) ধারা ১৬ এর অধীন প্রাপ্ত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;
(ঠ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং জেলা কমিটি কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়-দায়িত্ব পালন করা।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৯ (PDF-এর পৃষ্ঠা ১৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৬