ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি
(১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি নামে, অতঃপর ইউনিয়ন কমিটি হিসাবে অভিহিত, একটি কমিটি থাকিবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত ইউনিয়ন কমিটি নিম্নবর্ণিত সদস্য ও কারিগরি সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:—
(ক) চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ- সভাপতি;
(খ) ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য- সদস্য;
(গ) ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট মহিলা ওয়ার্ড সদস্য- সদস্য;
(ঘ) সহকারী কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর- সদস্য;
(ঙ) উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-কারিগরি সদস্য;
(চ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-কারিগরি সদস্য;
(ছ) উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-কারিগরি সদস্য;
(জ) ১ (এক) জন এনজিও প্রতিনিধি (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)- সদস্য;
(ঝ) পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১ (এক) জন প্রতিনিধি- সদস্য;
(ঞ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ১ (এক) জন প্রতিনিধি (যদি থাকে)-কারিগরি সদস্য;
(ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি (যদি থাকে)- কারিগরি সদস্য;
(ঠ) উপ-সহকারী প্রকৌশলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (যদি থাকে)- কারিগরি সদস্য;
(ড) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধি- সদস্য-সচিব:
তবে শর্ত থাকে যে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রতিনিধির অবর্তমানে দফা (ছ) এ উল্লিখিত কারিগরি সদস্য সদস্য-সচিব হইবেন:
আরও শর্ত থাকে যে, দফা (ছ) এ উল্লিখিত কারিগরি সদস্যের অবর্তমানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত যে কোনো কারিগরি সদস্য, সদস্য- সচিবের দায়িত্ব পালন করিতে পারিবেন।
(৩) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, ইউনিয়ন কমিটির দায়-দায়িত্ব হইবে নিম্নরূপ,
যথা:
(ক) ইউনিয়ন কারিগরি কমিটির প্রতিবেদন বিবেচনাক্রমে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সীমা অনুযায়ী প্রকল্প ছাড়পত্র ইস্যু করিবার জন্য সুপারিশ করা;
(খ) পানি সম্পদ ব্যবহারের পরিধি বা সুযোগ, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা সনাক্ত ও পর্যালোচনা করা এবং তদনুসারে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিদ্যমান আইনি কাঠামোর আওতায় ইউনিয়ন পানি সম্পদ পরিকল্পনা (যদি থাকে) অনুমোদন করা;
(গ) ওয়ার্ড সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং যখন যেভাবে প্রয়োজন উহাকে সহায়তা করা;
(ঘ) ইউনিয়নের মধ্যে পানি সম্পদ খাতে কার্যরত সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকাধীন সংস্থা বা এজেন্সিসমূহের কার্যক্রম সমন্বয় সাধন ও তদারকি করা;
(ঙ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক জারীকৃত আদেশ বা নির্দেশনার প্রতিপালন মনিটর এবং তদনুসারে উপজেলা কমিটির নিকট প্রতিবেদন দাখিল করা;
(চ) ছাড়পত্রে বর্ণিত শর্ত ভঙ্গের ক্ষেত্রে উহা বাতিলের সুপারিশ করা;
(ছ) পানি সম্পদ সংশ্লিষ্ট তথ্যভান্ডার প্রণয়ন ও উহা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত শেয়ার করা;
(জ) গাইডলাইন অনুসারে পানি সম্পদের সমন্বিত উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা;
(ঝ) গাইডলাইন অনুসারে পানি সম্পদ ব্যবহার ও উন্নয়ন প্রকল্পের জন্য ছাড়পত্র প্রদানের সুপারিশ করা;
(ঞ) উপজেলা কমিটি, জেলা কমিটি ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহিত সংযোগ স্থাপন করা;
(ট) প্রতিপালন আদেশ, অপসারণ আদেশ বা, ক্ষেত্রমত, সুরক্ষা আদেশ জারির সুপারিশ করা;
(ঠ) ধারা ১৬ এর অধীন প্রাপ্ত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;
(ড) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, জেলা কমিটি, উপজেলা কমিটি কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়-দায়িত্ব পালন করা।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫১ (PDF-এর পৃষ্ঠা ১৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ১৬