কমিটিসমূহের সভা
(১) এই বিধিমালার উদ্দেশ্যপূরণকল্পে কমিটির সভা প্রতি ৩ (তিন) মাসে কমপক্ষে ১ (এক) বার অনুষ্ঠিত হইবে এবং জরুরী প্রয়োজনে, যে কোনো সময় সভা আহ্বান করা যাইবে।
(২) এই বিধিমালার অন্যান্য বিধান সাপেক্ষে, কমিটিসমূহ উহাদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(৩) কমিটিসমূহের সভা উহাদের সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে।
(৪) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন:
তবে শর্ত থাকে যে, সভাপতির অনুপস্থিতিতে, সভাপতি কর্তৃক মনোনীত কমিটির অন্য কোনো সদস্য বা কারিগরি সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
(৫) কমিটির মোট সদস্যের দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে সভার কোরাম হইবে এবং সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কমিটিসমূহের সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে উপস্থিত সদস্যগণের ভোটের সমতার ক্ষেত্রে সভাপতির একটি নির্ণায়ক ভোট থাকিবে।
(৬) শুধুমাত্র কোনো সদস্য পদে শূন্যতা বা কমিটিসমূহ গঠনে ত্রুটি থাকিবার কারণে কমিটিসমূহের কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৩ (PDF-এর পৃষ্ঠা ১৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)