RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২০

প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন পদ্ধতি

অষ্টম অধ্যায়: প্রকল্প ছাড়পত্র

(১) এই বিধিমালা প্রবর্তনের পর কোনো প্রকল্প গ্রহণ বা পরিচালনা বা বাস্তবায়নে ইচ্ছুক যে কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে উপ-বিধি (২) এ বর্ণিত নির্ধারিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সীমা অনুযায়ী সংশ্লিষ্ট প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট প্রকল্প ছাড়পত্রের জন্য নিম্নবর্ণিত ফরমে ৩ (তিন) প্রস্থে আবেদন করিতে হইবে, যথা:—

(ক) বন্যা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.১;

(খ) ভূপরিস্থ পানি আহরণ, সরবরাহ বা ব্যবহার সংক্রান্ত প্রকল্প বা প্রকল্পের অংশবিশেষ বিষয়াদির ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.২;

(গ) ভূপরিস্থ পানি দ্বারা সেচ প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৩;

(ঘ) হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৪;

(ঙ) ভূপরিস্থ পানি সংরক্ষণ প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৫;

(চ) বন্যা প্লাবিত সমতল ভূমি বা জলাভূমি উন্নয়ন প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৬;

(ছ) শিল্পের জন্য ভূপরিস্থ পানি ব্যবহার প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৭;

(জ) নদীর তীর সংরক্ষণ বা নদী শাসন প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৮;

(ঝ) নদী খনন বা ড্রেজিং প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.৯;

(ঞ) খাল খনন বা পুনঃখনন প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.১০;

(ট) ভূপরিস্থ পানিতে মৎস্য উন্নয়ন প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৩.১১

(ঠ) মহাপরিচালক যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ অন্যান্য প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন।

(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় অনুসারে কোনো প্রকল্প— প্রকল্পের প্রাক্কলিত ব্যয় অনুসারে নিম্নবর্ণিত কমিটি আবেদনের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:—

(ক) অনধিক ১০ (দশ) লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ের পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের (split ব্যতীত) ক্ষেত্রে, ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি;

(খ) ১০ (দশ) লক্ষ হইতে অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ের পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের (split ব্যতীত) ক্ষেত্রে, উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি;

(গ) ২০ (বিশ) লক্ষ হইতে অনধিক ৫০ পেঞ্চাশ) লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ের পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের (split ব্যতীত) ক্ষেত্রে, জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি;

(ঘ) ৫০ (পঞ্চাশ) লক্ষ বা তদূর্ধ টাকা প্রাক্কলিত ব্যয়ের পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষেত্রে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা।

(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-বিধি (১) এর অধীন আবেদনকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় অনুসারে কোনো প্রকল্প—

(ক) একাধিক ইউনিয়নের এলাকাভুক্ত হইবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট উপজেলা কমিটি;

(খ) একাধিক উপজেলার এলাকাভুক্ত হইবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট জেলা কমিটি;

(গ) একাধিক জেলার এলাকাভুক্ত হইবার ক্ষেত্রে, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা আবেদনের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে।

(৪) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সময় সময়, দাপ্তরিক আদেশ দ্বারা, উপ-বিধি (২) এ উল্লিখিত প্রাক্কলিত ব্যয়সীমা সংশোধন বা পরিবর্তন করিতে পারিবে।

(৫) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই বিধিমালা প্রবর্তনের পূর্বে গৃহীত কোনো প্রকল্প অব্যাহত রাখিতে ইচ্ছুক প্রত্যেক আবেদনকারীকে এই বিধিমালা প্রবর্তনের ১ (এক) বৎসর সময় সীমার মধ্যে বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উপ-বিধি (১) এ বর্ণিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সীমা এবং পদ্ধতি অনুসরণে সংশ্লিষ্ট প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট প্রকল্প ছাড়পত্রের জন্য ৩ (তিন) প্রস্থ আবেদন করিতে হইবে।

(৬) উপ-বিধি (১) এবং (৫) এ উল্লিখিত প্রকল্পের আবেদনকারীকে, ফি পরিশোধ সাপেক্ষে, প্রকল্পের বিবরণ এবং আবেদন ফরমে নির্দিষ্টকৃত তথ্য ও দলিলাদিসহ আবেদন দাখিল করিতে হইবে।

(৭) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ —

(ক) আবেদনকারীর নিকট আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো তথ্য যাচনা করিতে পারিবে; বা

(খ) আবেদন বিবেচনার জন্য প্রয়োজনীয় বা প্রযোজ্য নহে এইরূপ কোনো তথ্য সরবরাহ করা হইতে আবেদনকারীকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৮) আবেদনকারী প্রকল্পের নেতিবাচক প্রভাব চিহ্নিত করিয়া উহা প্রতিকারের বিবরণ আবেদনে উল্লেখ করিবে।

(৯) উপ-বিধি (১) ও (৫) এর অধীন আবেদন প্রাপ্তির পর, প্রত্যেক প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ উহা রেজিষ্টারে এন্ট্রির ব্যবস্থা করিয়া একটি ক্রমিক নম্বর প্রদান ও প্রাপ্তি স্বীকার করিবে।

(১০) উপ-বিধি (১) এবং (৫) এর অধীন প্রাপ্ত আবেদনটি ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার কারিগরি কমিটি, সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা ইউনিয়ন কারিগরি কমিটির নিকট যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করিবে।

(১১) মহাপরিচালক, সময়ে সময়ে এবং প্রয়োজনীয়তার নিরীখে দাপ্তরিক আদেশ দ্বারা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় কর্মরত কর্মকর্তা এবং পানি সম্পদ প্রকৌশল বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধি, পেশাজীবী এবং বিশেষজ্ঞ সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করিতে পারিবে।

(১২) উপ-বিধি (১) এবং (৫) এর অধীন কোনো আবেদন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্দিষ্টকৃত পদ্ধতিতে সরাসরি বা অনলাইনে ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা যাইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৪ (PDF-এর পৃষ্ঠা ২০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৩.১, ফরম-৩.২, ফরম-৩.৩, ফরম-৩.৪, ফরম-৩.৫, ফরম-৩.৬, ফরম-৩.৭, ফরম-৩.৮, ফরম-৩.৯, ফরম-৩.১০, ফরম-৩.১১