কারিগরি কমিটিসমূহের দায়িত্ব
(১) বিধি ২০ অনুযায়ী প্রাপ্ত আবেদনপত্র সংশ্লিষ্ট কারিগরি কমিটি আবেদনকৃত প্রকল্পের তথ্য ও দলিলাদি পর্যালোচনান্তে জাতীয় পানি সম্পদ পরিকল্পনার সহিত প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ কিনা, তাহা নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী যাচাই করিবে, যথা:—
(ক) প্রকল্পটি ভূপরিস্থ পানি ব্যবহার করিয়া পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প কিনা;
(খ) প্রকল্পটি প্রবাহমান কোনো নদী বা খালের সহিত প্লাবন ভূমির সংযোগ বন্ধ করিবে কিনা এবং তাহা প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হইবে কিনা;
(গ) প্রকল্পটি প্রবাহমান কোনো নদী বা খালের বিদ্যমান প্রবাহকে বাধাগ্রস্ত করিবে কিনা;
(ঘ) প্রকল্পটি কোনো স্থানে জলাবদ্ধতা সৃষ্টি করিবে কিনা;
(ঙ) প্রকল্পটি কোনো জলাধারকে সম্পূর্ণভাবে নিষ্কাশিত করিবে কিনা;
(চ) প্রকল্পটি বিদ্যমান কোনো পানি ব্যবহার অধিকারের সহিত সাংঘর্ষিক কিনা;
(ছ) প্রকল্পটি ফোরশোর, উপকূল ও অনুরূপ কোনো আধার বা স্থানের প্রবাহের ব্যত্যয় ঘটাইবে কিনা;
(জ) প্রকল্পটি ভূপরিস্থ পানিতে কোনো দূষণ করিবে কিনা;
(ঝ) জনগণের সম্পৃক্ততা ও অংশীদারিত্বমূলক প্রক্রিয়ায় প্রকল্পটি প্রণীত হইয়াছে কিনা।
(২) জেলা, উপজেলা এবং ইউনিয়ন কারিগরি কমিটি, প্রয়োজনে, যে কোনো বিষয়ে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিকট হইতে পরামর্শ গ্রহণ করিতে পারিবে।
(৩) আবেদনপত্র পরীক্ষার পর কারিগরি কমিটির নিকট যদি পরিলক্ষিত হয় যে, আবেদনকারী এই বিধিমালার অধীন আবেদনপত্রের সহিত দাখিলের জন্য আবশ্যক সকল দলিল, বিবরণ, তথ্য বা রিপোর্ট দাখিল করেন নাই, তাহা হইলে আবেদন প্রত্যাখানের সুপারিশ প্রদান করিবে।
(৪) কারিগরি কমিটি, পরিষদ, নির্বাহী কমিটি বা ক্ষেত্রমত পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক প্রণীত গাইডলাইন, জাতীয় পানি সম্পদ পরিকল্পনা ও অন্যান্য দলিলাদির আলোকে,—
(ক) উহার নিকট প্রেরিত আবেদন পত্র;
(খ) আবেদন পত্রের সহিত সংযুক্ত দলিলপত্র; এবং
(গ) স্থানীয় জনগণের মতামত
যাচাই ও মূল্যায়ন করিবে এবং আবেদনে উল্লিখিত পানি সম্পদ ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে ১ (এক) টি কারিগরি প্রতিবেদন প্রণয়ন করিবে।
(৫) আবেদনপত্র যাচাই ও মূল্যায়নের সময়, কারিগরি কমিটি, যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ পদ্ধতিতে আবেদনকারীকে শুনানির সুযোগ প্রদান করিবে এবং আবেদনকারীর নিকট আবেদনে উল্লিখিত পানি সম্পদ ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নির্ণয় করিবার প্রয়োজনে যে কোনো তথ্য ও দলিলাদি যাচনা করিতে পারিবে।—
(৬) কারিগরি কমিটি এই বিধিমালায় বর্ণিত পদ্ধতি অনুসরণে নির্ভরযোগ্য কারিগরি প্রতিবেদন প্রণয়ন করিবে এবং তদুদ্দেশ্যে কারিগরি কমিটির যেকোনো দলিল বা তথ্য পরীক্ষার, কোনো আঙিনায় প্রবেশ করিবার, কোনো বস্তুর নমুনা সংগ্রহ করিবার ও সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নিকট সংশ্লিষ্ট বিষয়ে তথ্যাদি সংগ্রহ করিবার অধিকার থাকিবে এবং এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা উপযুক্ত কর্তৃপক্ষকে সহযোগিতা করিতে বাধ্য থাকিবে।
(৭) উপ-বিধি (৬) এর অধীন প্রণীত কারিগরি প্রতিবেদনে নিম্নবর্ণিত তথ্যাদি থাকিবে, যথা:—
(ক) প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা;
(খ) আবেদনের উদ্দেশ্য;
(গ) পানি সম্পদের বর্ণনা;
(ঘ) প্রতিবেদন প্রণয়নের সহিত সংশ্লিষ্ট দলিলের সংক্ষিপ্ত বর্ণনা;
(ঙ) আবেদন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও দলিলের সম্পূর্ণতা;
(চ) জাতীয় পানি সম্পদ পরিকল্পনার আলোকে প্রকল্প গৃহীত হইয়াছে কিনা সে সম্পর্কিত মতামত;
(ছ) আবেদনে উল্লিখিত পানি সম্পদ ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নির্ণয়;
(জ) নেতিবাচক প্রভাব উপশম করিবার উপায় বা পরিকল্পনা; এবং
(ঝ) আবেদন গ্রহণযোগ্য কিনা সে সম্পর্কিত সুপারিশ এবং সুপারিশের কারণ।
(৮) কারিগরি কমিটি উহার নিকট বিবেচনাধীন যে কোনো প্রকল্পের কারিগরি বিষয় সম্পর্কে মতামত বা পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে যে কোনো পেশাজীবীর সহায়তা গ্রহণ করিতে পারিবে।
(৯) কারিগরি প্রতিবেদন ও অনুসন্ধান প্রতিবেদন প্রণয়নের সময় কারিগরি কমিটি যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ পদ্ধতিতে, আবেদনকারী বা, ক্ষেত্রমত, প্রকল্প ছাড়পত্রধারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে পারিবে।
(১০) উপ-বিধি (৯) এর অধীন শুনানি, কারিগরি কমিটি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
(১১) কারিগরি কমিটি শুনানির কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে শুনানির নোটিশ জারি করিবে।
(১২) যে কোনো ব্যক্তি শুনানির সময় মৌখিক বা লিখিতভাবে বা উভয়ভাবে তাহাদের মতামত প্রদান করিতে পারিবে এবং মৌখিক মতামতের ক্ষেত্রে, কারিগরি কমিটি উক্তরূপ বক্তব্য বা মতামত বা উহার সারসংক্ষেপ যতদূর সম্ভব লিখিয়া রাখিবে বা লিখিয়া রাখিবার ব্যবস্থা করিবে।
(১৩) উপ-বিধি (১) এ উল্লিখিত দায়িত্ব পালন ছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন কারিগরি কমিটি, সময়ে সময়ে, মহাপরিচালক বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাদি সম্পাদন করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৭ (PDF-এর পৃষ্ঠা ২৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)