RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২৩

প্রকল্প ছাড়পত্র ইস্যুর পদ্ধতি

অষ্টম অধ্যায়: প্রকল্প ছাড়পত্র

(১) যেক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলীতে উল্লিখিত সংশ্লিষ্ট দলিলাদি ও তথ্য সহযোগে কোনো প্রকল্পের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়, সেইক্ষেত্রে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, আবেদনপত্র প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে উহা তৎকর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেরিত আবেদনপত্র সম্পর্কে একটি কারিগরি প্রতিবেদন প্রণয়নের জন্য কারিগরি কমিটির নিকট প্রেরণ করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন কারিগরি প্রতিবেদন প্রাপ্তির পরবর্তী ২১ (একুশ) দিনের মধ্যে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কমিটির বিবেচনার জন্য উপস্থাপন করিবে এবং কমিটি ছাড়পত্র ইস্যু করা বা না করিবার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করিবে।

(৩) উপ-বিধি (২) এর অধীন প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ —

(ক) কোনো শর্তসহ বা ব্যতীত, সুপারিশ প্রাপ্তির অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনপত্রটি মঞ্জুর ও প্রকল্প ছাড়পত্র ইস্যু করিবে; বা

(খ) কারণ উল্লেখপূর্বক আবেদনপত্রটি নামঞ্জুর করিয়া অনতিবিলম্বে আবেদনকারীকে অবহিত করিতে হইবে।

(৪) আবেদনপত্রটি মঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হইলে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা ফরম-৪ এ একটি অঙ্গীকারনামা গ্রহণ করিবেন এবং আবেদনকারীর অনুকূলে নিম্নবর্ণিত ফরমে প্রকল্প ছাড়পত্র ইস্যু করিবেন, যথা:—

(ক) বন্যা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.১;

(খ) ভূপরিস্থ পানি আহরণ, সরবরাহ বা ব্যবহার সংক্রান্ত প্রকল্প বা প্রকল্পের অংশবিশেষ বিষয়াদির ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৫.২;

(গ) ভূপরিস্থ পানি দ্বারা সেচ প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৩;

(ঘ) হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্রের জন্য আবেদন - ফরম ৫.৪;

(ঙ) বন্যা প্লাবিত সমতল ভূমি বা জলাভূমি উন্নয়ন প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৫;

(চ) পানি সংরক্ষণ প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৬;

(ছ) শিল্পের জন্য ভূপরিস্থ পানি ব্যবহার প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৭;

(জ) নদীর তীর সংরক্ষণ বা নদী শাসন প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৮;

(ঝ) নদী খনন বা ড্রেজিং প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.৯;

(ঞ) খাল খনন বা পুনঃখনন প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.১০;

(ট) ভূপরিস্থ পানিতে মৎস্য উন্নয়ন প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র - ফরম ৫.১১;

(ঠ) মহাপরিচালক যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ অন্যান্য প্রকল্পের জন্য প্রকল্প ছাড়পত্র।

(৫) কোনো আবেদনপত্র নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হইলে, প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা, কারণ উল্লেখপূর্বক, ফরম ৬ এ আবেদনকারীকে আবেদনপত্রটি নামঞ্জুরের বিষয়টি অবহিত করিবে।

(৬) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত প্রকল্প ছাড়পত্র হস্তান্তরযোগ্য হইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৫৯ (PDF-এর পৃষ্ঠা ২৫)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৪, ফরম-৫.১, ফরম-৫.২, ফরম-৫.৩, ফরম-৫.৪, ফরম-৫.৫, ফরম-৫.৬, ফরম-৫.৭, ফরম-৫.৮, ফরম-৫.৯, ফরম-৫.১০, ফরম-৫.১১, ফরম-৬