প্রকল্প ছাড়পত্র বাতিল
(১) সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট হইতে প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদন বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট যদি বিশ্বাস করিবার কারণ থাকে যে, প্রকল্প ছাড়পত্রধারী —
(ক) প্রকল্প ছাড়পত্রের কোনো শর্ত ভঙ্গ করিয়াছেন; বা
(খ) পানি সম্পদের এইরূপ ব্যবহার করিতেছেন যে, যাহার ফলে পানি সম্পদ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি হইতেছে; বা
(গ) মহাপরিচালকের নিকট যাচিত বা চাহিত কোনো তথ্য সরবরাহে ব্যর্থ হইয়াছেন; বা
(ঘ) আইন বা তদোধীন প্রণীত বিধিমালার কোনো বিধান লংঘন করিয়াছেন বা কোনো অপরাধে অভিযুক্ত হইয়াছেন তাহা হইলে উহা কারিগরি কমিটির নিকট বিষয়টি অনুসন্ধানপূর্বক তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উহার নিকট ১ (এক) টি অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবে।
(২) অনুসন্ধান পরিচালনার সময় কারিগরি কমিটি যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ পদ্ধতিতে, প্রকল্প ছাড়পত্রধারীকে শুনানির সুযোগ প্রদান করিবে এবং অনুসন্ধান প্রতিবেদন প্রণয়নের জন্য আবশ্যক কোনো তথ্য বা দলিল চাহিতে পারিবে।
(৩) যদি প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট বিশ্বাস করিবার কারণ থাকে যে, বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কারিগরি কমিটির নিকট হইতে প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদন সঠিক বা নির্ভরযোগ্য, তাহা হইলে উক্ত বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুসন্ধান প্রতিবেদনটি ক্ষেত্রমত মহাপরিচালক বা সংশ্লিষ্ট কমিটির নিকট উপস্থাপন করিবে।
(৪) কমিটি অনুসন্ধান প্রতিবেদনটি বিবেচনার পর ইস্যুকৃত প্রকল্প ছাড়পত্র বাতিলের জন্য সুপারিশ করিতে পারিবে।
(৫) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ অতঃপর জনসাধারণের জ্ঞাতার্থে প্রকল্প ছাড়পত্রটি বাতিলের বিষয়ে স্থানীয় পত্রিকায় ১ (এক) টি গণবিজ্ঞপ্তি জারি করিবে এবং উহার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬০ (PDF-এর পৃষ্ঠা ২৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)