RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি২৫

সেবা গ্রহীতাগণের প্রতি প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের দায়

অষ্টম অধ্যায়: প্রকল্প ছাড়পত্র

(১) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট কোনো আবেদনকারী লিখিতভাবে বা অনলাইনে কোনো আবেদন করিলে, উক্ত আবেদনের জবাব প্রদান করিতে হইবে এবং উহা কোনো অবস্থাতেই অনিষ্পন্ন রাখা যাইবে না।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত প্রত্যেক আবেদনের সহিত আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID), মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা বা অন্য কোনো ঠিকানাসহ, যদি থাকে, প্রকৃত পরিচিতি থাকিবে যাহাতে এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে তাহার সহিত সহজে যোগাযোগ করা যায়।

(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত জবাবে, অন্যান্য বিষয়ের সহিত, সম্ভাব্য সময়সীমার উল্লেখ করিতে হইবে যাহার মধ্যে প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা উহার কোনো কর্মকর্তা বা কর্মচারী উক্ত উপ-বিধিতে উল্লেখকৃত আবেদন বা দরখাস্ত বা অনুরোধের বিষয়টি নিষ্পত্তি করিবে।

(৪) এই বিধিমালার অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করিবার জন্য দায়ী কর্মকর্তা বা কর্মচারী দাপ্তরিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে অভিযুক্ত হইবেন এবং তিনি উক্ত ব্যবস্থা গ্রহণ না করিবার সমর্থনে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হইলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

(৫) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এই বিধিমালার অধীন প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট হইতে প্রকল্প ছাড়পত্র সংশ্লিষ্ট যে কোনো তথ্য চাহিতে পারিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬০ (PDF-এর পৃষ্ঠা ২৬)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)