পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার পদ্ধতি
(১) ধারা ১৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা চিহ্নিত করিবার প্রয়োজন হইলে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা উক্ত এলাকার পানি সম্পদ বা পানির উৎস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বা প্রয়োজনীয় সমীক্ষা বা অনুসন্ধান কর্মকাণ্ড পরিচালনা এবং তৎনির্ধারিত উপায়ে শুনানির সুযোগ প্রদান করিয়া জনসাধারণের মতামত গ্রহণ করিবে।
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে —
(ক) পানি সম্পদ সংশ্লিষ্ট প্রত্যেক সেবা প্রদানকারী সংস্থা, পানির সম্ভাব্য সংকট সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে পানি সম্পদ পরিকল্পনা সংস্থাকে সরবরাহ করিবে;
(খ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তৎকর্তৃক আপৎকালীন সময়ে গৃহীত ব্যবস্থাদি সংক্রান্ত তথ্য পানি সম্পদ পরিকল্পনা সংস্থাকে সরবরাহ করিবে।
(৩) উপ-বিধি (১) ও (২) এর অধীন প্রাপ্ত তথ্যের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করিয়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা একটি সুনির্দিষ্ট প্রতিবেদন তৈরী করিবে, যাহাতে অন্যান্য বিষয়সহ নিম্নবর্ণিত বিষয়াদির উল্লেখ থাকিবে, যথা:—
(ক) প্রাপ্ত তথ্যের বিজ্ঞানভিত্তিক উপায়ে আর্থ-সামাজিক ও পরিবেশগত প্রভাবের বিশ্লেষণ;
(খ) সংকটাপন্নতার সুনির্দিষ্ট কারণ;
(গ) নির্বাহী কমিটির জন্য প্রণীত সুপারিশমালা; এবং
(ঘ) জনসাধারণের মতামত।
(৪) উপ-বিধি (১) এর অধীন কর্মকান্ড পরিচালনা বা উপ-বিধি (৩) এর অধীন প্রতিবেদন তৈরীর জন্য পানি সম্পদ পরিকল্পনা সংস্থা প্রয়োজনে যে কোনো সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা ব্যক্তির পরামর্শ বা সহযোগিতা গ্রহণ করিতে পারিবে।
(৫) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা সুপারিশমালাসহ একটি প্রতিবেদন প্রস্তুতপূর্বক অনুমোদনের নির্বাহী কমিটির সদস্য-সচিবের নিকট উপস্থাপন করিবে।
(৬) উপ-বিধি (৭) এর অধীন পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করিবার ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্ণায়ক (Criteria) বিবেচনা করিতে হইবে, যথা:—
(ক) উক্ত এলাকার ভূগর্ভস্থ বা ভূপরিস্থ পানির নিরাপদ আহরণ সীমা (Safe Yield) অতিক্রম করা হইয়াছে কিনা;
(খ) উক্ত এলাকার পানির মাত্রাতিরিক্ত দূষণ হইয়াছে কিনা;
(গ) উক্ত এলাকার পানি উৎসের রূপান্তর হইয়াছে কিনা;
(ঘ) অন্য কোনো বৈজ্ঞানিক, আর্থ-সামাজিক বা পরিবেশগত নির্ণায়ক (Criteria), যদি থাকে।
(৭) নির্বাহী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার, ধারা ১৭ অনুযায়ী প্রস্তাবিত এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করিবে।
(৮) উপ-বিধি (৭) এর অধীন পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা সম্পর্কিত গণবিজ্ঞপ্তি কমপক্ষে বহুল প্রচারিত ১ (এক) টি বাংলা ও ১ (এক) টি ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্রে এবং জাতীয় বেতার ও টেলিভিশন বা ১ (এক) টি বেসরকারি বেতার বা টেলিভিশন চ্যানেলে ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে।
(৯) গণবিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত তথ্য বা বিবরণ থাকিবে, যথা:—
(ক) জেলা প্রশাসনিক মানচিত্রে থানা ও উহার মৌজা উল্লেখপূর্বক পানি সংকটাপন্ন এলাকার বিস্তারিত বিবরণ;
(খ) ধারা ১৮ এর উপ-ধারা (২) অনুসারে ক্রমপরিবর্তন করা না হইলে, উপ-ধারা (১) এ নির্দিষ্টকৃত পানি ব্যবহারের অগ্রাধিকার তালিকা; এবং
(গ) ভূগর্ভস্থ পানি ধারক স্তরের নিরাপদ আহরণ সীমা, ভূগর্ভস্থ পানির ব্যবহার, ভূগর্ভস্থ পানি ধারক স্তরে ভূগর্ভস্থ পানির বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা (পানির স্তর ও পুনর্ভরণ) এবং অন্য কোনো প্রয়োজনীয় বিধি-নিষেধ আরোপ ও ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিকল্পনা গ্রহণ।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬১ (PDF-এর পৃষ্ঠা ২৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)