নলকূপের জন্য অনাপত্তির আবেদন পদ্ধতি
(১) নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ব্যতীত কোনো ব্যক্তি কোনো স্থানে কোনো নলকূপ স্থাপন করিতে পারিবে না।
(২) ভূগর্ভস্থ পানি ধারক স্তরে গভীর ও অগভীর নলকূপ স্থাপনের অনাপত্তির জন্য ফরম-৭ এ সংশ্লিষ্ট নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।
(৩) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক দাপ্তরিক আদেশ দ্বারা নির্ধারিত আবেদন ফি সহযোগে আবেদন করা না হইলে নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক কোনো আবেদন গ্রহণ করা হইবে না।
(৪) অনাপত্তির জন্য আবেদন প্রাপ্তির পর, নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ স্থানীয়ভাবে পরিদর্শন অনুষ্ঠানের নির্দেশ প্রদান করিবে এবং পরিদর্শক নিম্নবর্ণিত বিষয়ে প্রতিবেদন প্রদান করিবে, যথা:—
(ক) যে স্থানে নলকূপ স্থাপন করা হইবে সেই স্থানের পানি ধারক স্তর (Aquifer) এর অবস্থা;
(খ) নিকটতম বিদ্যমান নলকূপের দূরত্ব ও পানি উত্তোলনের প্রভাব;
(গ) নলকূপ দ্বারা উপকৃত হইবে এইরূপ সম্ভাব্য এলাকার সংক্ষিপ্ত বিবরণ (পানি সম্পদের প্রাপ্যতা ও সংশ্লিষ্ট বিষয়াদি);
(ঘ) খাবার পানি ও গৃহস্থালীর উদ্দেশ্যে ব্যবহৃত নলকূপসহ বিদ্যমান অন্যান্য নলকূপের ওপর সম্ভাব্য প্রভাব;
(ঙ) নলকূপ স্থাপনের জন্য স্থানের উপযুক্ততা;
(চ) অনাপত্তি প্রদানের শর্ত, যদি থাকে।
(৫) যদি নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ, পরিদর্শকের প্রতিবেদন বিবেচনাক্রমে, এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকৃত নলকূপ স্থাপন দ্বারা —
(ক) যে এলাকায় নলকূপ স্থাপন করা হইবে সেই এলাকা উপকৃত হইবে;
(খ) পারিপার্শ্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়িবে না;
(গ) অন্য কোনোভাবে উপকার পাওয়া যাইবে; এবং
(ঘ) ভূগর্ভস্থ পানির মজুদ ও এর গুণাগুণে কোনো ক্ষতিকর প্রভাব পড়িবে না
তাহা হইলে নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ আবেদনকৃত বিষয়ে অনাপত্তি ক্ষেত্রমত, ফরম ৭.১, ফরম ৭.২, ফরম ৭.৩ বা ফরম ৭.৪ এ মঞ্জুর করিতে পারিবে।
(৬) উপ-বিধি (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর, প্রত্যেক অনাপত্তি ইস্যুকারী কর্তৃপক্ষ রেজিস্টারে ফরম ৮ এ এন্ট্রির ব্যবস্থা করিয়া একটি ক্রমিক নম্বর প্রদান ও প্রাপ্তি স্বীকার করিবে।
(৭) উপ-বিধি (২) এর অধীন আবেদন প্রাপ্তির ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে অনাপত্তি ইস্যুকারী কর্তৃপক্ষ আবেদনের সম্পূর্ণতা সম্পর্কে আবেদনকারীকে অবহিত করিবে।
(৮) নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, অনাপত্তির শর্ত লংঘন করা হইয়াছে, বা অন্যবিধ কারণে অনাপত্তি স্থগিতকরণের প্রয়োজন রহিয়াছে তাহা হইলে লিখিত আদেশ দ্বারা, কারণ উল্লেখপূর্বক, যেকোনো নলকূপের অনাপত্তি সাময়িক স্থগিত করিতে পারিবে, এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থাকে অবিলম্বে বিষয়টি অবহিত করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, নলকূপ অনাপত্তি চূড়ান্ত প্রদানকারী কর্তৃপক্ষ অনাপত্তি গ্রহীতাকে শুনানির জন্য যুক্তিসংগত সুযোগ প্রদান ব্যতীত, কোনো অনাপত্তি স্থগিতকরণের আদেশ অনুমোদন করিবে না:
আরও শর্ত থাকে যে, যদি অনাপত্তি সাময়িক স্থগিতকরণের আদেশ প্রদানের তারিখ হইতে ১৫ (পনের) দিনের মধ্যে অনাপত্তি স্থগিতকরণের আদেশ চূড়ান্ত অনুমোদন করা না হয়, তাহা হইলে অনাপত্তি স্থগিতকরণের আদেশ উক্ত সময় অতিক্রান্ত হইবার পর বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৯) নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি স্থগিতকরণের আদেশ উহা চূড়ান্ত অনুমোদনের তারিখ হইতে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত স্থগিত রাখা যাইবে।
(১০) নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি স্থগিতকরণের আদেশ চূড়ান্তকরণের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিকট আপীল করিতে পারিবে এবং উক্ত বিষয়ে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
(১১) নলকূপ অনাপত্তি প্রদানকারী কর্তৃপক্ষ, পরিদর্শকের প্রতিবেদনের ভিত্তিতে, এই অধ্যায়ের অধীন প্রদত্ত অনাপত্তি বাতিল করিতে পারিবে যদি উক্ত কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্ট হয় যে —
(ক) অনাপত্তি গ্রহীতা অনাপত্তি পত্রে উল্লিখিত শর্ত লংঘন করিয়াছেন; অথবা
(খ) বাতিল আদেশ জারির পূর্ববর্তী তারিখের ১ (এক) বৎসরের মধ্যে ৩ (তিন) বা ততোধিকবার অনাপত্তি স্থগিত করা হইয়াছে:
তবে শর্ত থাকে যে, অনাপত্তি গ্রহীতাকে শুনানির জন্য যুক্তিসংগত সুযোগ প্রদান ব্যতীত কোনো অনাপত্তি বাতিল করা যাইবে না।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৪ (PDF-এর পৃষ্ঠা ৩০)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-৭, ফরম-৭.১, ফরম-৭.২, ফরম-৭.৩, ফরম-৭.৪, ফরম-৮