RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
বিধি৩৪

জলস্রোতের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ

একাদশ অধ্যায়: জলস্রোতের স্বাভাবিক প্রবাহ ব্যবস্থাপনা

(১) ধারা ২০ এর অধীন কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক, কোনো জলাধারে, তীরবর্তী হউক বা না হউক, স্থাপনা নির্মাণ করিয়া বা জলাধার ভরাট করিয়া বা জলাধার হইতে মাটি বা বালু উত্তোলন করিয়া জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বন্ধ বা উহার প্রবাহে বাধা সৃষ্টি বা উহার গতিপথ পরিবর্তন করিতে হইলে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন অনুমতি গ্রহণের জন্য আবেদনকারীকে ফরম ১৫ অনুসারে ৩ (তিন) প্রস্থে আবেদন করিতে হইবে।

(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদনকারীকে, ফি পরিশোধ সাপেক্ষে, আবেদন ফরমে নির্দিষ্টকৃত তথ্য ও দলিলাদিসহ আবেদন দাখিল করিতে হইবে।

(৪) উপ-বিধি (২) এবং (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ —

(ক) আবেদনকারীর নিকট আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো তথ্য যাচনা করিতে পারিবে; বা

(খ) আবেদন বিবেচনার জন্য প্রয়োজনীয় বা প্রযোজ্য নহে এইরূপ কোনো তথ্য সরবরাহ করা হইতে আবেদনকারীকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৫) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর, উপযুক্ত কর্তৃপক্ষ উহা রেজিস্টারে এন্ট্রির ব্যবস্থা করিয়া একটি ক্রমিক নম্বর প্রদান ও প্রাপ্তি স্বীকার করিবে।

(৬) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষ আবেদনের সম্পূর্ণতা বা অসম্পূর্ণতা সম্পর্কে আবেদনকারীকে অবহিত করিবে।

(৭) উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন উপযুক্ত কর্তৃপক্ষ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার কারিগরি কমিটির নিকট যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করিবে।

(৮) উপ-বিধি (৭) এর অধীন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কারিগরি কমিটি নিম্নোক্ত বিষয়াদি বিবেচনা করিবে—

(ক) আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ কিনা;

(খ) প্রবাহমান কোনো নদী বা খালের সহিত প্লাবন ভূমির সংযোগ বন্ধ করিবে কিনা এবং তাহা প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হইবে কিনা;

(গ) পার্শ্ববর্তী প্লাবন ভূমিতে জলাবদ্ধতা সৃষ্টি করিবে কিনা;

(ঘ) পার্শ্ববর্তী জলাধার বা ভূপরিস্থ পানিতে কোনো দূষণ সৃষ্টি করিবে কিনা;

(ঙ) নেতিবাচক প্রভাব চিহ্নিত করিয়া উহা প্রতিকারের উপায়;

(চ) মহাপরিচালক কর্তৃক সময় সময় নির্ধারিত বিষয়সমূহ।

(৯) উপ-বিধি (১) এর অধীন কোন আবেদন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্টকৃত পদ্ধতিতে সরাসরি বা অনলাইনেও দাখিল করা যাইবে।

(১০) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আবেদনপত্রটি মঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হইলে আবেদনকারীর অনুকূলে ফরম ১৬ এ অনুমতি পত্র ইস্যু করিতে হইবে।

(১১) আবেদনপত্রটি নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হইলে, উপযুক্ত কর্তৃপক্ষ কারণ উল্লেখপূর্বক, ফরম ১৭ এ আবেদনকারীকে আবেদনপত্রটি নামঞ্জুরের বিষয়টি অবহিত করিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৬৭ (PDF-এর পৃষ্ঠা ৩৩)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ২০

এই বিধিতে উল্লিখিত ফরম: ফরম-১৫, ফরম-১৬, ফরম-১৭