পানি সম্পদ তথ্য-উপাত্ত ভান্ডার প্রতিষ্ঠা ও তথ্য প্রাপ্তি
(১) এই বিধিমালা প্রবর্তনের পর অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, আইন বা তদোধীন প্রণীত বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, যথাশীঘ্র সম্ভব, পানি সম্পদের একটি নির্ভরযোগ্য কম্পিউটারাইজড তথ্য-উপাত্ত ভান্ডার (Database) প্রতিষ্ঠা ও সংরক্ষণ করিবে।
(২) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, অনাপত্তি বা প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ, সরকারের অনুমোদন সাপেক্ষে, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সহিত সংযোগ স্থাপন করিতে পারিবেন যাহাতে উহা পানি সম্পদ সম্পর্কিত কোনো বিষয়ে উক্ত সংস্থার ডাটাবেইজ বা তথ্য ব্যবহার করিতে বা উহাতে অভিগম্যতা (access) লাভ করিতে পারে।
(৩) প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট হইতে কোনো ডাটা বা তথ্য প্রাপ্তির জন্য কোনো ব্যক্তিকে ডাটা বা তথ্যের অনুলিপির জন্য নির্ধারিত ফি পরিশোধপূর্বক ফরম ১২ তে আবেদন করিতে হইবে।
(৪) ধারা ৪৪ এর উদ্দেশ্য পূরণকল্পে, প্রকল্প ছাড়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা, তথ্য অধিকার আইন, ২০০৯ (২০০৯ সনের ২০ নং আইন) এর বিধানাবলি সাপেক্ষে, উপ-বিধি (৩) এর অধীন আবেদিত তথ্যের অনুলিপি ফরম ১৩ তে একটি তথ্য ছকের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে বা সময়ের মধ্যে প্রদান করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৭৮ (PDF-এর পৃষ্ঠা ৪৪)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
এই বিধিতে উল্লিখিত পানি আইনের ধারা: ধারা ৪৪