প্রতিপালন আদেশ জারির পদ্ধতি
(১) ধারা ১২ এর উপ-ধারা (২) এবং ধারা ৪২ এর উদ্দেশ্যপূরণকল্পে নির্বাহী কমিটি এই বিধিমালার অন্যান্য বিধানাবলি অনুসরণপূর্বক ফরম-১.১ এ প্রতিপালন আদেশ ইস্যু করিতে পারিবে।
(২) নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রতিপালন আদেশ জারির পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিবে।
(৩) নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কারণ উল্লেখপূর্বক ফরম-১ এ সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে শুনানির নোটিশ জারি করিবে।
(৪) নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে শুনানি অনুষ্ঠিত হইবে।
(৫) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ লিখিতভাবে তাহাদের মতামত প্রদান করিবেন এবং শুনানীকালীন মৌখিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্তরূপ বক্তব্য বা উহার সারসংক্ষেপ লিপিবদ্ধ করিবে।
(৬) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উপ-বিধি (৫) এর অধীন প্রদত্ত বক্তব্য বা বিবৃতি নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যাচাই বা পরীক্ষা করিবেন এবং যদি নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট উক্ত বক্তব্য বা বিবৃতি অসন্তোষজনক বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে উপ-বিধি (১) এর অধীন প্রতিপালন আদেশ জারি করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৭) উপ-বিধি (১) এর অধীন প্রতিপালন আদেশে নিম্নবর্ণিত বিবরণ বা তথ্যাদিরও উল্লেখ করিতে হইবে, যথা:—
(ক) উপযুক্ত কারণ ব্যতীত, প্রতিপালন আদেশ প্রতিপালনের বাধ্যবাধকতা; এবং
(খ) আদেশ অমান্য বা প্রতিপালন না করা জরিমানাযোগ্য ও দণ্ডনীয় অপরাধ।
(৮) প্রতিপালন আদেশ ব্যক্তিগতভাবে বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা প্রশাসনিক প্রধানকে, যে নামেই অভিহিত হউক, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে জারি করা যাইবে অথবা তিনি বা তাহার প্রতিনিধি যেখানে বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন বা জীবিকা নির্বাহ করেন সেই স্থানের ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করিতে হইবে।
(৯) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে প্রতিপালন আদেশের বিষয়বস্তু জনগণের নিকট ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
(১০) উপ-বিধি (৯) অনুযায়ী জারিকৃত গণবিজ্ঞপ্তি কমপক্ষে বহুল প্রচারিত ১ (এক) টি বাংলা ও ১ (এক) টি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশ করিতে হইবে এবং ক্ষেত্রমত, জাতীয় বেতার ও টেলিভিশন বা ১ (এক) টি বেসরকারি বেতার বা টেলিভিশন চ্যানেল বা উভয় চ্যানেলে প্রচার করা যাইবে।
(১১) উপ-বিধি (৯) অনুযায়ী জারিকৃত গণবিজ্ঞপ্তি ক্ষেত্রমতে সার্কুলার, ক্যাপশন, ভয়েস ম্যাসেজ, স্থানীয়ভাবে মাইকিং আকারে প্রচার করা যাইবে।
(১২) উপ-বিধি (৯) অনুযায়ী জারিকৃত গণবিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত তথ্য বা বিবরণ থাকিবে, যথা:
(ক) প্রতিপালন আদেশের বিধান বা শর্তাবলি লংঘনকারী ব্যক্তি, উপযুক্ত কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টগণের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ বিবরণ;
(খ) লংঘিত বিধান বা শর্তাবলির বিবরণ;
(গ) প্রতিপালনের সময়সীমা;
(ঘ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্ধারিত অন্য কোনো প্রয়োজনীয় বিষয়।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪১ (PDF-এর পৃষ্ঠা ৭)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)