অপসারণ আদেশ জারির পদ্ধতি
(১) যদি কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ পানি সম্পদের উপর এমন কোনো স্থাপনা নির্মাণ বা ভরাট কার্যক্রম গ্রহণ করে যাহা জলস্রোতের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে বা উহার গতিপথ পরিবর্তন করে, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ধারা ১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে, এই বিধিমালা অনুযায়ী, উক্ত ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে উক্ত জলস্রোতের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে ফরম-২.১ এ অপসারণ আদেশ জারি করিতে পারিবেন।
(২) নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অপসারণ আদেশ জারির পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে শুনানি অনুষ্ঠিত হইবে।
(৪) নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কারণ উল্লেখপূর্বক ফরম-২ এ সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে শুনানির নোটিশ জারি করিবে।
(৫) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ মৌখিক বা লিখিতভাবে বা উভয়ভাবে তাহাদের বক্তব্য প্রদান করিতে পারিবে এবং মৌখিক বক্তব্যের ক্ষেত্রে, নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্তরূপ বক্তব্য বা মতামত বা উহার সারসংক্ষেপ লিখিয়া রাখিবে বা যতদূর সম্ভব লিখিয়া রাখিবার ব্যবস্থা করিবে।
(৬) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উপ-বিধি (৫) এর অধীন প্রদত্ত বক্তব্য বা বিবৃতি নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যাচাই বা পরীক্ষা করিয়া উক্ত বক্তব্য বা বিবৃতি সন্তোষজনক প্রতীয়মান না হইলে অপসারণ আদেশ জারি করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবেন।
(৭) নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অপসারণ আদেশে জলস্রোতের স্বাভাবিক প্রবাহের বিঘ্নের সুস্পষ্ট কারণ উল্লেখ করিয়া সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষকে উক্ত অপসারণ আদেশ প্রতিপালনের সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখপূর্বক নির্দেশনা প্রদান করিবেন।
(৮) অপসারণ আদেশে নিম্নবর্ণিত বিবরণ বা তথ্যাদির উল্লেখ থাকিতে হইবে, যথা:—
(ক) স্থাপনা নির্মাণকারী বা ভরাট কার্যক্রম গ্রহণকারী ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষের নাম ও ঠিকানাসহ পূর্ণাঙ্গ বিবরণ;
(খ) অবৈধ স্থাপনা বা ভরাট কার্যক্রম সম্পর্কিত বিবরণ;
(গ) অপসারণের সময়সীমা;
(ঘ) সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থাপনা নির্মাণ বা ভরাট কার্যক্রমে ব্যবহৃত উপকরণ অপসারণের ব্যর্থতায় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উহার অপসারণ;
(ঙ) দফা (ঘ) এর অধীন অপসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অপসারণ ব্যয় নির্বাহ; এবং
(চ) নির্বাহী কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয় বা তথ্য।
(৯) উপ-বিধি (১) এ উল্লিখিত অপসারণ আদেশ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এর দাপ্তরিক সীলমোহরযুক্ত ও স্বাক্ষরিত হইতে হইবে।
(১০) উপ-বিধি (১) এ উল্লিখিত অপসারণ আদেশ ব্যক্তিগতভাবে বা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা প্রশাসনিক প্রধানকে, যে নামেই অভিহিত হউক, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে জারি করা যাইবে অথবা তিনি বা তাহার প্রতিনিধি যেখানে বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন বা জীবিকা নির্বাহ করেন সেই স্থানের ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করিতে হইবে।
(১১) যদি কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ অপসারণ আদেশে উল্লিখিত সময়সীমার মধ্যে স্থাপনাটি অপসারণ না করেন বা ভরাট কার্যক্রম অব্যাহত রাখেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত স্থাপনা বা ভরাট কার্যক্রমে ব্যবহৃত উপকরণ অপসারণ করিতে পারিবে এবং এইরূপে অপসারণ করা হইলে উহার প্রকৃত খরচ বা ব্যয়ভার উক্ত ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হইতে আদায় করিবে।
(১২) যদি কোনো ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ অপসারণ আদেশে উল্লিখিত সময়সীমার মধ্যে স্থাপনাটি অপসারণ না করেন বা ভরাট কার্যক্রম অব্যাহত রাখেন, তাহা হইলে নির্বাহী কমিটি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষের প্রতি উপ-বিধি (১৫) তে উল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক প্রকৃত খরচ বা ব্যয়ভার নির্ধারণের লক্ষ্যে তারিখ ও সময় নির্দিষ্ট করিয়া নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক শুনানীর জন্য নোটিশ জারি করিবেন, যথা:—
(ক) অপসারণ কার্যক্রম পরিচালনার তারিখ ও সময়;
(খ) এতদুদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা;
(গ) অপসারণ কার্যক্রম পরিচালনার ব্যয়;
(ঘ) দায়ী ব্যক্তি কর্তৃক ব্যয় পরিশোধের পদ্ধতি;
(ঙ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অনুকূলে ব্যয় পরিশোধের জন্য নির্ধারিত বা বরাদ্দকৃত কোড;
(চ) ব্যয় পরিশোধের সময়সীমা।
(১৩) উপ-বিধি (১২) এর অধীন নোটিশ জারির পর নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ শুনানীর জন্য হাজির হইলে সেক্ষেত্রে উপ-বিধি (১৫) তে উল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক প্রকৃত খরচ বা ব্যয়ভার নির্ধারণ করা হইবে।
(১৪) উপ-বিধি (১২) এর অধীন নোটিশ জারির পর নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষ শুনানীর জন্য হাজির না হইলে সেক্ষেত্রে উপ-বিধি (১৫) তে উল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক একতরফাভাবে প্রকৃত খরচ বা ব্যয়ভার নির্ধারণ করা হইবে।
(১৫) উপ-বিধি (১২) তে উল্লিখিত খরচ বা ব্যয়ভার নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনা করিতে হইবে, যথা:—
(ক) অপসারণ কাজে নিয়োজিত শ্রমিক ব্যয়;
(খ) অপসারণ কাজে নিয়োজিত যন্ত্রপাতি ও যানবাহনের ভাড়া এবং জ্বালানী ব্যয়;
(গ) অপসারণকৃত মালামাল স্থানান্তরের জন্য পরিবহণ ব্যয়;
(ঘ) অপসারণকৃত কাজে নিয়োজিত, কর্মকর্তা, কর্মচারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণের ভাতা বাবদ ব্যয়;
(ঙ) সেবা সরবরাহ (Utility Service) বিচ্ছিন্নকরণ ব্যয় (যদি থাকে);
(চ) এতদসংক্রান্ত প্রাসংগিক অন্যান্য ব্যয়।
(১৬) উপ-বিধি (১২) তে উল্লিখিত নোটিশ, ধারা ৪২ এ বর্ণিত পদ্ধতিতে জারি করা হইলে উহা যথাযথভাবে জারি করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(১৭) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে অপসারণ আদেশের বিষয়বস্তু বহুল প্রচারিত ১ (এক) টি বাংলা ও ১ (এক) টি ইংরেজি জাতীয় দৈনিকে, এবং ক্ষেত্রমত, জাতীয় বেতার ও টেলিভিশন বা ১ (এক) টি বেসরকারি বেতার বা টেলিভিশন চ্যানেল বা উভয় চ্যানেলে জনগণের নিকট ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করিবে।
(১৮) উপ-বিধি (১৭) অনুযায়ী জারিকৃত গণবিজ্ঞপ্তি প্রয়োজনে সার্কুলার, ক্যাপশন, ভয়েস ম্যাসেজ, স্থানীয়ভাবে মাইকিং আকারেও প্রচার করা যাইবে।
(১৯) উপ-বিধি (১৭) অনুযায়ী জারিকৃত গণবিজ্ঞপ্তিতে নিম্নবর্ণিত তথ্য বা বিবরণ থাকিবে, যথা:—
(ক) অপসারণ আদেশের বিধান বা শর্তাবলি লংঘনকারী ব্যক্তি বা উপযুক্ত কর্তৃপক্ষের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ বিবরণ;
(খ) যে স্থাপনা বা ভরাটকৃত অংশ অপসারণ করিতে হইবে উহার সংক্ষিপ্ত বিবরণ;
(গ) অপসারণের সময়সীমা; এবং
(ঘ) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক নির্ধারিত অন্য কোনো প্রয়োজনীয় বিষয়।
তথ্যসূত্র: বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ২৫০-আইন/২০১৮, তারিখ ০৮ আগস্ট ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৬ আগস্ট ২০১৮, গেজেট পৃষ্ঠা ১০৫৪৩ (PDF-এর পৃষ্ঠা ৯)। মূল গেজেট (PDF)। এই পাঠ গেজেটের ছাপা কপি থেকে টাইপ করে মূল পাতার সাথে মিলিয়ে নেওয়া। কোনো শব্দ বা সংখ্যায় সন্দেহ হলে মূল গেজেট দেখুন। হালনাগাদ: ০৭ নভেম্বর ২০২৬। সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)