RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১১৬ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১১৬

পাইপ লাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামত

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

নিম্নলিখিত শর্তসমূহ পরিপালন ব্যতিরেকে কোনো পাইপ লাইনে পুনঃ ঝালাইকরণ বা কর্তনের প্রয়োজন হয় এমন মেরামত বা রক্ষণাবেক্ষণের কাজ করা যাইবে না, যথা:—

(ক) একজন অভিজ্ঞ প্রকৌশলী মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অংশে কাজ শুরু করিবার পূর্বে পরিদর্শন করিবেন এবং উক্তরূপ কার্য সম্পাদনের পদ্ধতি ও প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা উল্লেখ পূর্বক লিখিত অনুমতি প্রদান করিবেন। উক্ত অনুমতি পত্র ৬ (ছয়) মাস সংরক্ষণ করিতে হইবে;

(খ) দফা (ক) তে উল্লিখিত অনুমতি পত্রের নির্দেশনা অনুযায়ী একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে সকল ঝালাইকরণ বা কর্তনের কাজ সম্পন্ন করিতে হইবে;

(গ) মেরামত বা রক্ষণাবেক্ষণের কাজ শুরুর পূর্বে পাইপ লাইনের অংশটি পাইপ লাইন হইতে বিচ্ছিন্ন করিয়া অভ্যন্তরের সকল পদার্থ পরিষ্কার করিতে হইবে;

(ঘ) নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পাইপ লাইনের অংশবিশেষ বা উহার সংযোগ ভর্তি করা না হইলে উক্ত পাইপ লাইন বা উহার সংযোগ শুধু যান্ত্রিক পদ্ধতিতে কর্তন করা যাইবে না;

(ঙ) মেরামতের প্রয়োজন এইরুপ কোনো পাইপ লাইনকে বিচ্ছিন্ন করিয়া অভ্যন্তরীণ পদার্থ পরিস্কার করিতে হইবে এবং নিস্ক্রিয় গ্যাস বা বাষ্প বা পানি দ্বারা ভর্তি করিয়া বা কোনো অভিজ্ঞ প্রকৌশলী কর্তৃক লিখিত সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করিয়া অগ্নিময় কাজের জন্য প্রস্তুতকরণ ব্যতীত কোনো পাইপ লাইনে অগ্নিময় কাজ করা যাইবে না;

(চ) মেরামতকৃত পাইপ লাইনে জোড়ার রেডিওগ্রাফি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং উদস্থিতি পরীক্ষা সম্পন্ন করা না হইলে উক্ত পাইপ লাইনের অংশ দ্বারা পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না;

(ছ) পাইপ লাইনের কোনো অংশ পুন:স্থাপন না হওয়া পর্যন্ত পাইপ লাইনের অংশবিশেষ বা উহার সাথে সংযুক্ত ভাল্ব অপসারণ করা যাইবে না, যদি না যে অংশবিশেষকে বিচ্ছিন্ন করা হইবে উহার মাধ্যমে প্রতিষ্ঠিত বৈদ্যুতিক নিরবিচ্ছিন্নতা অক্ষুন্ন রাখা যায়;

(জ) কোনো পাইপ লাইনের অংশবিশেষ বা উহার সাথে সংযুক্ত ভাল্ব অপসারণের সময় পাইপ লাইনটি বৈদ্যুতিক নিরবিচ্ছিন্নতা, উল্লিখিত অংশবিশেষে প্রতিস্থাপনের কারণে ভঙ্গ করা যাইবে না এবং পাইপ লাইনের অংশবিশেষ পুন:স্থাপন না করা পর্যন্ত বৈদ্যুতিক নিরবিচ্ছিন্নতা বজায় রাখার ব্যবস্থা করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।