লাইসেন্সের জন্য আবেদন, ইত্যাদি
(১) আইন ও এই বিধিমালার অধীন পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স পাইতে ইচ্ছুক কোনো ব্যক্তি তফসিল-১ এ উল্লিখিত লাইসেন্স প্রদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট ফরম ‘গ’ তে আবেদনপত্র দাখিল করিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্র দাখিলের ক্ষেত্রে ট্যাংক এবং সংশ্লিষ্ট পরিবহন যানের বিস্তারিত বিবরণসহ পরিবহনের সময় নিরাপত্তা বিধানের রৈখিক চিত্রের তথ্যাদি সম্বলিত ৫ (পাঁচ) সেট নকশা দাখিল করিতে হইবে।
(৩) পেট্রোলিয়াম মজুদ বা আমদানি অথবা আমদানি ও মজুদের লাইসেন্স পাইতে ইচ্ছুক কোনো ব্যক্তি আইন ও এই বিধিমালার অন্যান্য বিধান সাপেক্ষে তফসিল-১ এ উল্লিখিত লাইসেন্স প্রদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট ফরম ‘ঘ’ তে আবেদনপত্র দাখিল করিবে।
(৪) পেট্রোলিয়াম মজুদ বা আমদানি অথবা আমদানি ও মজুদের লাইসেন্স পাইতে ইচ্ছুক কোনো ব্যক্তি উপ-বিধি (৩) এর অধীন দাখিলকৃত আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত তথ্যাদি সম্বলিত ৫ (পাঁচ) সেট নকশা দাখিল করিবে,, যথা:—
(ক) পেট্রোলিয়াম মজুদের প্রস্তাবিত প্রাঙ্গণের পরিসীমার বাহিরে চারিপাশে অন্যূন ১০০ (একশত) মিটার দূরত্বে অবস্থিত স্থাপনাদির চিত্রসহ উক্ত প্রাঙ্গণ এবং উহাতে মজুদাগারের বা ট্যাংক-এর অবস্থানের রৈখিক চিত্র এবং উক্ত প্রাঙ্গণ ও মজুদাগার বা ট্যাংক-এর অবস্থান ও নির্মাণ পরিকল্পনা;
(খ) উক্ত প্রাঙ্গণ ও উহাতে অবস্থিত সুবিদধাদির নিরাপত্তা বিধানের জন্য এই বিধিমালার প্রযোজ্য বিধানাবলি পালনের পরিকল্পনার রৈখিক চিত্র;
(গ) নকশায় নিম্নবর্ণিত বিষয়ের বিস্তারিত বিবরণ সন্নিবেশিত থাকিতে হইবে, যথা:— (অ) লাইসেন্সের শর্ত পরিপালন পদ্ধতি; (আ) অনুমোদিতব্য প্রাঙ্গণ এলাকা সম্পূর্ণভাবে রঙ দ্বারা বা অন্য কোনোভাবে চিহ্নিতকরণ; (ই) পরিবেষ্টন এবং সংরক্ষিত পূর্তকার্যাদি; (ঈ) মজুদ ট্যাংক, মজুদাগার এবং ফিলিং সেডের অবস্থান, ধারণক্ষমতা এবং পেট্রোলিয়াম স্থাপনার অন্তর্গত সকল ইমারত ও অন্যান্য নির্মাণাদি; (উ) ট্যাংক এবং অন্যান্য পরিবেষ্টনীর বর্ণনা; (ঊ) সকল পাম্প, ভাল্ব, নিষ্কাশন স্থান, গ্যাস নির্গমন নল, ইত্যাদি; (ঋ) অব্যাহতিপ্রাপ্ত পেট্রোলিয়ামসহ অন্যকোনো প্রজ্বলনীয় তরল পদার্থ মজুদের জন্য সংরক্ষিত এলাকা।
(৫) প্রধান বিস্ফোরক পরিদর্শক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা লাইসেন্সিং কর্তৃপক্ষ হইলে, লাইসেন্স প্রদানের পূর্বে উপ-বিধি (৪) এ উল্লিখিত নকশা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে; তবে তফসিল-১ এ উল্লিখিত ফরম ‘জ’, ‘ঝ’ ও ‘ঞ’ এর জন্য এই উপবিধি প্রযোজ্য হইবে না ।
(৬) উপ-বিধি (১) বা (৩) এর অধীন দাখিলকৃত আবেদনপত্র বিবেচনার সুবিধার্থে লাইসেন্সিং কর্তৃপক্ষ আবেদনকারীর নিকট হইতে, উপ-বিধি (২) বা উপ-বিধি (৪) এ উল্লিখিত তথ্য ও কাগজাদির অতিরিক্ত তথ্য বা কাগজপত্র তলব করিতে পারিবে এবং, প্রয়োজনে, আবেদনকারীর সংশ্লিষ্ট স্থাপনা, স্থান, পরিবহন যান, মজুদ বা প্রাঙ্গণ বা উহার সহিত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি পরিদর্শন করিতে পারিবে।
(৭) উপ-বিধি (১) বা (৩) এর অধীন দাখিলকৃত আবেদনপত্র বিবেচনান্তে, উহা অনুমোদনযোগ্য হইলে, লাইসেন্সিং কর্তৃপক্ষ ১ (এক) সেট নকশা অনুমোদন করিয়া আবেদনকারীকে ফেরত প্রদান করিবে।
(৮) উপ-বিধি (৭) এ উল্লিখিত নকশা, লাইসেন্সের শর্ত এবং এই বিধিমালার বিধান অনুসারে প্রস্তাবিত মজুদাগার, স্থাপনা, প্রাঙ্গণ বা পরিবহন যানের নির্মাণ সম্পন্ন করিয়া নির্মাণ সম্পন্নকরণ প্রতিবেদন এবং লাইসেন্সের শর্ত এবং আইন ও এই বিধিমালার বিধান পালনের অঙ্গীকারপত্র লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট ফরম ‘ছ’ তে লাইসেন্স প্রার্থী দাখিল করিবে।
(৯) উপ-বিধি (৮) এ উল্লিখিত প্রতিবেদন এবং অঙ্গীকারপত্র প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মজুদাগার, স্থাপনা, প্রাঙ্গণ বা পরিবহন যান পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করিবে এবং উক্ত পরিদর্শনে উপ-বিধি (৮) এ উল্লিখিত অনুমোদিত নকশা, প্রার্থিত লাইসেন্সের শর্তাবলি এবং আইন ও এই বিধিমালার বিধান অনুসারে নির্মাণ সম্পূর্ণ করা হইয়াছে মর্মে প্রতিবেদন পাইবার পরবর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে লাইসেন্স ইস্যু করিবে।
(১০) লাইসেন্সিং কর্তৃপক্ষ পরিদর্শনে উপ-বিধি (৮) এ উল্লিখিত অনুমোদিত নকশা, প্রার্থিত লাইসেন্সের শর্তাবলি এবং আইন ও এই বিধিমালার বিধান অনুসারে নির্মাণ সম্পূর্ণ করা হইয়াছে মর্মে প্রতিবেদন না পাইলে বা নির্মাণে কোনো অসঙ্গতি থাকিলে উপ-বিধি (৯) এ উল্লিখিত সময়ের মধ্যে লাইসেন্স না মঞ্জুর করিয়া, উহার কারণ উল্লেখপূর্বক, আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।
(১১) লাইসেন্সের জন্য প্রতিটি আবেদনের সহিত সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১