RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১০৮ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১০৮

পাইপ লাইনের ডিজাইন ও সংযুক্ত যন্ত্রপাতি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) স্থাপিত পাইপ লাইনের পারিপার্শ্বিক অবস্থা ও পরিবাহিত পেট্রোলিয়ামের জন্য নিরাপদ এমন সুবিধাজনক স্টিল দ্বারা পাইপ লাইন নির্মাণ করিতে হইবে।

(২) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক কোড/স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তঃদেশিয় (Cross country) পাইপ লাইন ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ডিজাইন ও নির্মাণ কাজ সম্পন্ন করিতে হইবে এবং নির্মিত পাইপ লাইন পেট্রোলিয়ামের কার্যচাপ এবং স্ফীতি ও তরঙ্গজনিত চাপ সহ্য করিবার ক্ষমতা সম্পন্ন হইতে হইবে।

(৩) পাইপ লাইনটিতে তাপজনিত সংকোচন বা প্রসারণ এবং খুঁটি বা হ্যাঙ্গার, গাইড এবং সংযোগ জনিত অতিরিক্ত পীড়ন প্রতিরোধের ব্যবস্থা রাখিতে হইবে।

(৪) তাপশক্তি, কোনো বিশেষ যন্ত্রাংশ সংযুক্তির কারণে অতিরিক্ত ভর, কম্পন, অস্থায়ী ভঙ্গুর মাটি, ঝুলে থাকা লম্বা অংশ, সেতু, নদী বা জলাশয়, সড়ক পথ বা রেল পথ অতিক্রম এর ক্ষেত্রে পাইপ লাইনের উপর আরোপিত অতিরিক্ত বল এর জন্য পাইপ লাইনকে ক্ষতি হইতে রক্ষার উদ্দেশ্যে প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক নির্দেশিত পন্থায় পাইপ লাইনে স্টীল পাইপ দ্বারা কেজিং স্থাপন বা পাইপ লাইনের গাত্র দেওয়ালের পুরুত্ব উপযুক্ত পরিমাণ বৃদ্ধি করিতে হইবে।

(৫) পাইপ লাইনে অভ্যন্তরীণ চাপ ১০ (দশ) শতাংশের বেশি বৃদ্ধি প্রতিরোধ করিবার জন্য অনুমোদিত ধরনের বাইপাস রিলিফ ভাল্ব, চাপ নিয়ন্ত্রণ কেন্দ্র বা স্বয়ংক্রিয় বন্ধকরণ যন্ত্রপাতি স্থাপন করিতে হইবে।

(৬) নিম্নবর্ণিত স্থানসমূহে বিছিন্নকরণ ভাল্ব স্থাপন করিতে হইবে, যথা:—

(ক) জরুরী মূহুর্তে পাম্প স্টেশনের যন্ত্রপাতিকে বিছিন্ন করার জন্য পাম্পের সাকশনের শেষপ্রান্তে এবং সরবরাহ লাইনের শেষ প্রান্তে;

(খ) স্থাপনার বাইরে অন্যান্য সুবিধাদি থেকে বিছিন্ন করার জন্য কোনো স্থাপনার পাইপ লাইনে প্রবেশ ও বাহির হওয়ার স্থানে;

(গ) উন্মুক্ত ভূ-খণ্ড বা শহরের নিকটে বা ঘনবসতি অঞ্চলে দুর্ঘটনা বসত পেট্রোলিয়াম নির্গমনের ফলে ক্ষয়ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে ঐ সমস্ত স্থানের প্রধান পাইপ লাইন সমূহে;

(ঘ) প্রধান পাইপ লাইনের সাথে সংযুক্ত সববরাহের লাইন এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে মূল/প্রধান লাইনের সরবরাহ বিঘ্ন না ঘটাইয়া শাখা লাইন বন্ধ করা যায়;

(ঙ) ৩০ (ত্রিশ) মিটার প্রশস্ত ও সর্বোচ্চ চিহ্নিত পানির স্তর এর উপরে ও নদী বা জলাশয়ের উভয় পার্শ্বে;

(চ) মানুষের ব্যবহারের জন্য রক্ষিত জলাধারের উভয় পার্শ্বে।

(৭) রেলপথ বা সড়কপথ অতিক্রমের ক্ষেত্রে পেট্রোলিয়াম পরিবাহী পাইপে অনুমোদিত ধরনের কেজিং প্রদান করিতে হইবে, তবে, প্রধান বিস্ফোরক পরিদর্শক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্তরূপে পেট্রোলিয়াম পরিবহন জনগণের জন্য ঝুঁকিপূর্ণ নহে, তাহা হইলে তিনি এই উপ-বিধির বিধানাবলির, আংশিক বা সম্পূর্ণ, কার্যকরতা শিথিল করিতে পারিবেন।

(৮) পাইপ লাইন স্থাপনের ক্ষেত্রে এই বিধিমালার বিধান অপর্যাপ্ত বলিয়া প্রতীয়মান হইলে প্রধান বিস্ফোরক পরিদর্শক আর্ন্তজাতিকভাবে স্বীকৃত কোড বা স্ট্যান্ডার্ডে সন্নিবেশিত বা সম্পূর্ণ কোডকে পাইপ লাইন নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্যতা প্রদান করিতে পারিবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।