RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৮৫ · নবম অধ্যায় — লাইসেন্স
বিধি১৮৫

জেলা কর্তৃপক্ষের অনাপত্তি সনদ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো স্থানে পেট্রোলিয়াম মজুদের নূতন লাইসেন্স পাইতে ইচ্ছুক কোনো ব্যক্তি প্রস্তাবিত স্থানের সাইট প্ল্যানসহ জেলা কর্তৃপক্ষের নিকট অনাপত্তি সনদ প্রাপ্তির জন্য আবেদন করিলে জেলা কর্তৃপক্ষ প্রস্তাবিত স্থানে লাইসেন্স মঞ্জুরে আপত্তি না থাকিলে অনাপত্তি সনদ মঞ্জুরপূর্বক অনুস্বাক্ষরিত সাইট প্ল্যানসহ প্রধান বিস্ফোরক পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শকের নিকট প্রেরণ করিবে।

(২) কোনো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইলে উহা পুনঃমঞ্জুরের ক্ষেত্রে জেলা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের প্রয়োজন হইবে না।

(৩) জেলা কর্তৃপক্ষ কর্তৃক কোনো স্থানে অনাপত্তি প্রদানে অসম্মতি জ্ঞাপন করা হইলে সরকারের অনুমতি ব্যতীত উক্ত স্থানে প্রধান বিস্ফোরক পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শক লাইসেন্স ইস্যু করিতে পারিবেন না।

(৪) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, পেট্রোলিয়াম মজুদের প্রস্তাবিত স্থানটি কোনো স্বীকৃত শিল্প কারখানা, চা বাগান, গবেষণা কেন্দ্র, হাসপাতাল, পুলিশ লাইন, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা গ্যাস ফিল্ডের ক্ষেত্রে লাইসেন্সিং কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, প্রস্তাবিত পেট্রোলিয়াম উল্লিখিত সংস্থাসমূহের নিজস্ব ব্যবহারের জন্য মজুদ করা হইবে, তাহা হইলে জেলা কর্তৃপক্ষের অনাপত্তি সনদ ব্যতিরেকে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স ইস্যু করিতে পারিবে।

(৫) প্রধান বিস্ফোরক পরিদর্শকের পূর্বানুমতি ব্যতীত কোনো বিস্ফোরক পরিদর্শক এইরূপ কোনো লাইসেন্স ইস্যু করিতে পারিবে না।

(৬) প্রস্তাবিত পেট্রোলিয়াম মজুদের স্থানটি যদি বন্দর কর্তৃপক্ষ বা বিমান বন্দর কর্তৃপক্ষের আওতাধীন স্থানে হয়, তাহা হইলে জেলা কর্তৃপক্ষের পরিবর্তে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ বা বিমান বন্দর কর্তৃপক্ষের নিকট অনাপত্তি সনদ সংগ্রহ করিয়া প্রধান বিস্ফোরক পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শকের নিকট প্রেরণ করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।