ট্যাংক নির্মাণ
(১) ওয়েল হেড ট্যাংক ব্যতীত ট্যাংক-এ পেট্রোলিয়াম মজুদ করিবার জন্য প্রত্যেকটি ট্যাংক অথবা ধারণপাত্র বা আধার লোহা বা স্টীল দ্বারা অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক স্বীকৃত বিনির্দেশ (specification) বা কোড অনুসারে নির্মাণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, মজুতব্য পেট্রোলিয়ামের বৈশিষ্ট্য অথবা অন্য কোনো কারণে, প্রয়োজন হইলে, মজুদ ট্যাংক অথবা ধারণপাত্র বা আধার প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমোদন সাপেক্ষে লোহা বা স্টীল ব্যতীত অন্য কোনো উপযুক্ত উপকরণ দ্বারা অথবা ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন (British standard Specification) ৪৯৯৪ অনুসারে নির্মিত গ্লাস সংযোজিত প্লাস্টিক (glass reinforcedc plastic) দ্বারা নির্মাণ করা যাইবে।
(২) নিপুণ প্রকৌশল পদ্ধতি অনুসারে মজবুত ভিত্তির উপর কোনো অদাহ্য বস্তু দ্বারা ট্যাংক নির্মাণ করিতে হইবে।
(৩) যে কোনো মজুদ ট্যাংক-এর উচ্চতা উহার ব্যাসের দেড়গুণ অথবা ২০ (বিশ) মিটার এর মধ্যে যাহা কম তাহার অধিক হইবে না এবং ট্যাংক-এর উচ্চতার মাপ উহার তলার কার্ব কোণ (curb angles) পর্যন্ত হইতে হইবে।
(৪) ট্যাংক-এর মোট ধারণক্ষমতার শতকরা ৫ (পাঁচ) ভাগের কম নহে অথবা উপ-বিধি (১) এ উল্লিখিত কোড অথবা বিনির্দেশে বর্ণিত শুন্যস্থান, এই দুইয়ের মধ্যে যাহা কম উহা বাষ্পের জন্য ট্যাংক-এ খালি রাখিতে হইবে।
(৫) প্রতিটি ভূ-উপরোস্থ ট্যাংক-এ লেভেল ইন্ডিকেটর থাকিতে হইবে যাহাতে বাহির হইতে মজুদকৃত পেট্রোলিয়ামের লেভেল সহজেই দৃষ্টিগোচর হয়।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।