ট্যাংক পরীক্ষা
(১) ওয়েলহেড ট্যাংক ব্যতীত ট্যাংক-এ পেট্রোলিয়াম মজুদ করিবার সকল ট্যাংক অথবা কোনো ধারণপাত্র বা আধার চূড়ান্ত (final) অবস্থানে দৃঢ়ভাবে স্থাপন অথবা বড় ধরনের কোনো মেরামত সম্পাদন করিয়া পুনঃস্থাপন করিবার পর উহাতে পেট্রোলিয়াম মজুদকরণ শুরু করিবার পূর্বে পানির চাপ প্রয়োগ দ্বারা অথবা স্বীকৃত কোনো অবিনাশী (Non destructive test) পরীক্ষণের মাধ্যমে একজন যোগ্য প্রকৌশলী কর্তৃক পরীক্ষা করিয়া স্থাপিত ট্যাংক অথবা ধারণপাত্র বা আধার ছিদ্রমুক্ত নিশ্চিত হইয়া পেট্রোলিয়াম মজুদের জন্য উপযুক্ত মর্মে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে সনদপত্র গ্রহণ করিতে হইবে।
(২) পরীক্ষণে ব্যবহৃত পানি পেট্রোলিয়াম মুক্ত হইতে হইবে এবং উহা পেট্রোলিয়াম পরিবহনে ব্যবহৃত কোনো পাইপ বা পাইপের মধ্য দিয়া অতিক্রম করিতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, যদি লাইসেন্সিং কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় যে, পেট্রোলিয়াম পরিবহনে ব্যবহৃত সাধারণ পাইপ বা পাম্প ব্যতীত অন্য কোনো পাইপ বা পাম্প দ্বারা সঠিকভাবে পানি সঞ্চালন করা সম্ভব নহে, তাহা হইলে উক্ত কর্তৃপক্ষ, তৎকর্তৃক আরোপিত শর্ত সাপেক্ষে, পাইপ বা পাম্পের মধ্য দিয়া পানি সঞ্চালনের অনুমতি প্রদান করিতে পারিবে।
(৩) উপ-বিধি (১) এ বর্ণিত পরীক্ষা পরিচালনাকারী যোগ্য প্রকৌশলী তৎসম্পর্কে একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন এবং উক্ত প্রত্যয়নপত্রসহ লাইসেন্স বা লাইসেন্স সংশোধনের জন্য অথবা বড় ধরনের কোনো মেরামতের ক্ষেত্রে উক্ত মেরামত সম্পাদনের পর উহা অনুমোদনের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(৪) নূতন ট্যাংক নির্মাণ বা মেরামত করিবার ক্ষেত্রে ট্যাংক ক্যালিব্রেশন করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।