RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৫১ · ষষ্ঠ অধ্যায় — পেট্রোলিয়াম পরিশোধন এবং সংমিশ্রণ
বিধি১৫১

অগ্নি নিয়ন্ত্রণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) প্রত্যেকটি শোধনাগারকে সম্পূর্ণভাবে অগ্নিকান্ড হইতে রক্ষা করিবার নিমিত্ত সহজে বহনযোগ্য আগুন নিভানোর যথোপযুক্ত সরঞ্জামসহ সুসংগঠিত এবং অগ্নিকান্ড প্রতিরোধে প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল শোধনাগারে সর্বদা নিয়োজিত রাখিতে হইবে।

(২) স্বতন্ত্র ভাল্বের সহিত যুক্ত রিংম্যাইন অথবা গ্রীডের সাহায্যে শোধনাগারের ঝুঁকিপূর্ণ স্থানে পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা রাখিতে হইবে এবং প্রয়োজনীয় ক্ষমতাসম্পন্ন দুই বা ততোধিক বুষ্টিং পাম্পের সাহায্যে ম্যাইনটিকে সর্বদা চাপের মধ্যে রাখিতে হইবে যাহাতে ম্যাইনে সৃষ্ট চাপের ঘাটিত ঘটিলেও উক্ত বুষ্টিং পাম্প স্বয়ংক্রিয়ভাবে কার্যকর এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হইতে উহা পৃথক থাকে।

(৩) মেইন লাইন অন্যূন ৩০ (ত্রিশ) মিটার দূরত্বে সুবিধাজনক স্থানে স্থাপিত হাইড্রেন্ট এর সহিত যুক্ত থাকিবে এবং উক্তরূপ হাইড্রেন্টসমূহ এমনভাবে নির্মাণ এবং স্থাপন করিতে হইবে যেন উহা সহজে পরিচালনা করা যায় এবং উহাদের সহিত মোবাইল পাম্প যুক্ত করা যায়।

(৪) পানি সরবরাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হইলে মজুদকৃত পানি হইতে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকিতে হইবে।

(৫) শোধনাগারে কর্মরত সকল কর্মচারীকে অগ্নিনির্বাপন সরঞ্জামাদি দক্ষতার সহিত পরিচালনা করিবার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানপূর্বক দক্ষ করিয়া গড়িয়া তুলিতে হইবে যাহাতে তাহারা অগ্নিদুর্ঘটনার মুহুর্তে তৎক্ষনাৎ অগ্নি নির্বাপনে অংশগ্রহণ করিতে পারে।

(৬) প্রধান বিস্ফোরক পরিদর্শক উপ-বিধি (১) হইতে উপ-বিধি (৫) এর যে কোনো বিধান হইতে অব্যাহতি প্রদান বা অগ্নিনির্বাপন সংক্রান্ত অতিরিক্ত বিধান আরোপ করিতে পারিবেন, যদি তিনি মনে করেন যে, উল্লিখিত অব্যাহতি বা অতিরিক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা সংযোজন করিলে যে কোনো ধরনের শোধণাগারের ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার হইবে।

(৭) প্রতিটি শোধনাগারের নিকটবর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টেলিফোন/মোবাইল নম্বর সকলের দৃষ্টি গোচর হয় এমন প্রকাশ্য স্থানে লাল কালিতে লিখিয়া রাখিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।