প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ধারণপাত্র
(১) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম, বাল্ক পেট্রোলিয়াম ব্যতীত, বায়ুরোধী গ্যালভেনাইজকৃত টিনে অথবা বহির্পৃষ্ঠে মরিচা ধরে না এইরূপ লোহা বা স্টীল দ্বারা নির্মিত ধারণপাত্র বা আধারে রাখিতে হইবে এবং উহাতে পেট্রোলিয়াম ভর্তির সুগঠিত প্রবেশ পথ এবং স্ক্রু প্ল্যাগ, স্ক্রু ক্যাপ বা অন্য কোনো ধাতু নির্মিত ক্যাপসম্বলিত বায়ুরোধী ব্যবস্থা সংযুক্ত থাকিতে হইবে।
(২) ধারণপাত্র বা আধার যাহাতে উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এইরূপ অবস্থায় সংরক্ষণ করিতে হইবে।
(৩) কোনো ধারণপাত্র বা আধার, ট্যাংক কার্টের উপরস্থ ট্যাংক ব্যতীত, প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত ধরনের অনুমোদিত হইতে হইবে এবং উহার ধাতব পুরুত্ব নিম্নরূপ হইবে, যথা:— ধারণপাত্র বা আধারের বায়ুশূন্য স্থান ব্যতীত ধারণক্ষমতা পুরুত্ব (কমপক্ষে) অনধিক ১০ লিটার ০.৪৪ মিমি (২৭ বিজি); ১০ লিটারের অধিক কিন্তু অনধিক ২৫ লিটার ০.৬৩ মিমি (২৪ বিজি); ২৫ লিটারের অধিক কিন্তু অনধিক ৫০ লিটার ০.৮০ মিমি (২২ বিজি); ৫০ লিটারের অধিক কিন্তু অনধিক ২০০ লিটার ১.২৫ মিমি (১৮ বিজি); ২০০ লিটারের অধিক কিন্তু অনধিক ৩০০ লিটার ১.৫৯ মিমি (১৬ বিজি):
তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক, বিশেষ প্রয়োজনে, লিখিত আদেশ দ্বারা এই উপ-বিধি দ্বারা নির্ধারিত পুরুত্ব অপেক্ষা কম পুরুত্বসম্পন্ন ধারণপাত্র বা আধার ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন।
(৪) পূর্ব অনুমোদন গ্রহণ করা হয় নাই এইরূপ ধারণপাত্র বা আধারের জন্য প্রধান বিস্ফোরক পরিদর্শকের অনুমোদন গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট স্কেল অনুসারে ৩ (তিন) সেট বিস্তারিত নকশাসহ আবেদন দাখিল করিতে হইবে।
(৫) ধারণপাত্রগুলি এমনভাবে নির্মিত এবং নিরাপদে রাখিতে হইবে যাহাতে, অস্বাভাবিক পরিস্থিতিতে মারাত্মক অথবা অস্বাভাবিক দুর্ঘটনার কারণে বা পরিবহনকালে ত্রুটিপূর্ণ ও ছিদ্রযুক্ত না হইয়া পড়ে অথবা নিরাপত্তাহীনতার কারণ না হয়।
(৬) প্রত্যেক আধার বা ধারণপাত্রে সহজে দৃশ্যমান হয় এমন স্থানে সুস্পষ্টভাবে ‘‘পেট্রোল’’ বা ‘‘মোটর স্পিরিট’’ অথবা বিপজ্জনক প্রকৃতির পেট্রোলিয়ামের সহিত সমার্থক অনুরূপ কোনো সর্তকবাণী খোদাই, অঙ্কন, ছাপা বা মুদ্রণ করিতে হইবে।
(৭) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম ধারণকৃত ট্যাংক, ড্রাম, ধারণপাত্র বা আধার উহার ধারণক্ষমতার অন্যূন ৫ (পাঁচ) শতাংশ স্থান বায়ুর জন্য খালি রাখিতে হইবে।
(৮) প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণাধীন ধারণপাত্র বা আধারের ক্ষেত্রে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।