ধারণপাত্র মেরামত
(১) কোনো ব্যক্তি পেট্রোলিয়াম ধারণকৃত কোনো ট্যাংক বা আধার অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী কোনো যন্ত্র, আগুন, উত্তপ্ত পেরেক ব্যবহার করিয়া অথবা ঝালাই করিয়া মেরামত করিতে বা করাইতে পারিবে না, যদি—
(ক) ট্যাংক বা আধারটি নিখুঁতভাবে পরিষ্কার করিয়া সম্পূর্ণরূপে পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম বাষ্প মুক্ত অথবা উক্ত মেরামতের জন্য অন্যরূপ নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন না করা হয়; এবং
(খ) কোনো বিস্ফোরক পরিদর্শক অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রাপ্তির পর বাষ্প পরীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করিয়া প্রত্যয়ন করেন যে, অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী কোনো যন্ত্র আগুন, উত্তপ্ত পেরেক ব্যবহার করিয়া মেরামত করা নিরাপদ নহে।
(২) উপ-বিধি (১) এর দফা (খ) তে উল্লিখিত কর্মকর্তা কর্তৃক জারিকৃত প্রত্যয়নপত্র পরীক্ষিত ট্যাংক বা আধার মেরামতকারী কর্তৃক অন্যূন ৩ (তিন) মাস সংরক্ষণ করিতে হইবে এবং চাহিবামাত্র উহা প্রদর্শন করিতে বাধ্য থাকিবে।
(৩) পেট্রোলিয়াম বহন করিয়াছে এমন ট্যাংক বা আধারযোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের দ্বারা মেরামত করাইতে হইবে।
(৪) প্রতিবার মেরামতের পর ট্যাংক বা আধারের সকল প্রকোষ্ঠ বিধি ৭৩ এ বর্ণিত পদ্ধতিতে পরীক্ষা করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।