RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৩৮ · পঞ্চম অধ্যায় — পেট্রোলিয়াম মজুদ
বিধি১৩৮

অব্যাহতিপ্রাপ্ত তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ট্যাংক-এ মজুদ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম লোহা বা স্টীল দ্বারা নির্মিত অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক লিখিতভাবে অনুমোদিত কোনো উপকরণ দ্বারা নির্মিত ট্যাংক-এ মজুদ করা যাইবে।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত ট্যাংক-এর নকশা যথাযথভাবে প্রণয়ন করিতে হইবে এবং উক্ত নকশা অনুসারে উহা নির্মাণ করিয়া স্থাপন করিতে হইবে এবং যন্ত্রাংশসহ ট্যাংক এমনভাবে নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবে যাহাতে পেট্রোলিয়াম ছিদ্রপথে নির্গত না হইতে পারে।

(৩) তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের জন্য ৫০০০ (পাঁচ হাজার) লিটারের অধিক ধারণক্ষমতা সম্পন্ন সকল ট্যাংক বেষ্টনী দেওয়াল দ্বারা পরিবেষ্টিত থাকিবে অথবা চারপাশে গভীর গর্তের মধ্যস্থানে ট্যাংক স্থাপন করিতে হইবে; বেষ্টনী এবং গর্ত এমনভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে যাহাতে বেষ্টনী এবং গর্তের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বাল্ক বা ট্যাংক-এর ধারণাকৃত সর্বোচ্চ পরিমাণ পেট্রোলিয়াম রাখা যায়।

(৪) বেষ্টনী দেওয়ালের বাহির হইতে পরিচালনা করা যায় এমন একটি ভাল্বযুক্ত বহিনির্গমন নল উপ-বিধি (৩) এ উল্লিখিত বেষ্টনী বা গভীর গর্তের মধ্যে স্থাপন করিতে হইবে এবং ভাল্বটি বন্ধ রাখিতে হইবে।

(৫) উপ-বিধি (৩) এ বর্ণিত বেষ্টনী দেওয়াল বা গভীর গর্তের প্রান্ত বিন্দু এবং পূর্ত কর্মের মধ্যবর্তী নিরাপদ দূরত্ব অন্যূন ১.৫ মিটার বজায় রাখিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।