শোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট অনুমোদন
(১) পেট্রোলিয়াম উৎপাদন, পরিশোধন, বিদীর্ণকরণ, প্রক্রিয়াজাতকরণ অথবা সংমিশ্রণের কাজ সম্পাদনের প্রস্তাবিত স্থানে স্থাপিতব্য ট্যাংক, পাতনযন্ত্র, চুল্লি, বৈদ্যুতিক স্থাপনা, পাম্প হাউস, বর্জ্য নিস্কাশন ব্যবস্থা হতে নিঃসৃত দ্রব্যাদির অপসারণ, অগ্নি নির্বাপন, পরিবেষ্টনীসহ প্রবেশ দ্বার, প্লান্ট এবং ইমারতসমূহ সাধারণ বিন্যাস প্রদর্শিত নকশা এবং বিনির্দেশ (specification) ও পরিকল্পনা প্রতিবেদন প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত না হইলে কোনো ব্যক্তি উক্ত স্থানে পেট্রোলিয়াম উৎপাদন, পরিশোধন, বিদীর্ণকরণ, প্রক্রিয়াজাতকরণ অথবা সংমিশ্রণ করিতে পারিবে না।
(২) পেট্রোলিয়াম উৎপাদন, পরিশোধন, বিদীর্ণকরণ, প্রক্রিয়াজাতকরণ অথবা সংমিশ্রণ করিতে ইচ্ছুক ব্যক্তিকে উপ-বিধি (১) এ উল্লিখিত পরিকল্পনা প্রতিবেদন, ঝুঁকি চিহ্নিত করণ রিপোর্ট (Risk analysis report), কার্যস্থলে জরুরী পরিকল্পনা (on site emergency plan), HAZOP রিপোর্ট, ৩ (তিন) সেট নকশা এবং সরকার কর্তৃক, নির্ধারিত নিরীক্ষা ফি প্রদান পূর্বক প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে।
(৩) প্রধান বিস্ফোরক পরিদর্শক উপ-বিধি (১) ও (২) এ উল্লিখিত প্রতিবেদন এবং নকশা প্রাপ্তির পর, প্রয়োজনে, আরো তথ্যাদি তলব করিতে পারিবেন এবং তিনি যদি সন্তুষ্ট হন যে, পেট্রোলিয়াম উৎপাদন, পরিশোধন, বিদীর্ণকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং সংমিশ্রণ করা যায় তাহা হইলে তিনি উক্ত প্রতিবেদন এবং নকশা অনুমোদন করিয়া স্বাক্ষর করিবেন এবং স্বাক্ষরিত প্রতিবেদন এবং নকশার একটি সেট, কোনো শর্ত আরোপ করিলে উহা পালনের নির্দেশসহ আবেদনকারীর নিকট প্রেরণ করিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।