লাইসেন্স বাতিল, ইত্যাদি
(১) কোনো লাইসেন্সধারী আইন বা এই বিধিমালার কোনো বিধান বা লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করিলে অথবা লাইসেন্সকৃত স্থাপনা, মজুদাগার, সার্ভিস স্টেশন আইনানুগভাবে ব্যবহারের অধিকার হারাইলে অথবা লাইসেন্সকৃত পরিবহন যানের ক্ষেত্রে মালিকানার অবসান হইলে, কোনো লাইসেন্স বাতিল করিবার পূর্বে বাতিলের কারণ উল্লেখপূর্বক তৎসম্পর্কে কারণ দর্শানোর জন্য লাইসেন্সধারীকে অন্ততঃ ১০ (দশ) দিনের একটি লিখিত নোটিশ প্রদান করিয়া, লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল করিতে পারিবে।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ক্ষেত্রে প্রধান বিস্ফোরক পরিদর্শক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, আইন বা এই বিধিমালার বিধান বা লাইসেন্সের কোনো শর্ত ভংগ হওয়ার ফলে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হইয়াছে বা হইতে পারে, তাহা হইলে তিনি উক্ত উপ-বিধির অধীন কারণ দর্শানোর নোটিশ জারির পূর্বে বা বিষয়টি অনিষ্পন্ন অবস্থায় উক্ত লাইসেন্স সাময়িকভাবে বাতিলের আদেশ দিতে পারিবেন, তবে উক্তরূপ আদেশ ৬ (ছয়) মাসের অধিক বহাল থাকিবে না ।
(৩) উপ-বিধি (১) এর অধীন প্রদত্ত নোটিশের প্রেক্ষিতে লাইসেন্সধারী কোনো বক্তব্য পেশ করিলে উহা বিবেচনান্তে লাইসেন্সিং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করিতে বা সাময়িক বাতিলের আদেশ, যদি থাকে, প্রত্যাহার করিতে বা উক্ত লংঘন সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য লাইসেন্সধারীকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে।
(৪) পেট্রেলিয়াম পরিবহন বা মজুদের কোনো লাইসেন্স উপ-বিধি (৩) এর অধীন বাতিল করা হইলে এবং বাতিলের সময় উক্ত লাইসেন্সের অধীন পেট্রোলিয়াম মজুদ থাকিলে, উক্ত পেট্রোলিয়াম সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে সে বিষয়ে লাইসেন্সিং কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল আদেশে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে এবং উক্তরূপে নির্দেশপ্রাপ্ত ব্যক্তি উক্ত নির্দেশ পালনে বাধ্য থাকিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।