RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৯৯ · একাদশ অধ্যায় — দুর্ঘটনা ও তদন্ত
বিধি১৯৯

দুর্ঘটনা তদন্ত

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) আইনের ধারা ২৫ এর অধীন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা তাহার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার বা তাহার অধীনস্থ কোনো পুলিশ কর্মকর্তা কোনো তদন্তকার্য পরিচালনা শুরু করিবার পূর্বে ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, প্রধান বিস্ফোরক পরিদর্শক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিকে উক্তরূপ তদন্ত সম্পর্কে অন্যূন ৩ (তিন) দিনের আগাম লিখিত নোটিশ প্রদান করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, বিশেষ পরিস্থিতিতে, উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্তৃপক্ষ উক্ত সময় অপেক্ষা কম সময়ের নোটিশ প্রদান করিয়া তদন্ত শুরু করিতে পারিবেন।

(২) তদন্তকারী কর্তৃপক্ষ যথাসম্ভব প্রধান বিস্ফোরক পরিদর্শক বা তাহার প্রতিনিধির উপস্থিতিতে তদন্ত করিবেন, তবে উপ-বিধি (১) এর অধীন নোটিশ পাওয়ার পরও প্রধান বিস্ফোরক পরিদর্শক বা তাহার প্রতিনিধি উপস্থিত না থাকিলে এবং তদন্তকারী কর্তৃপক্ষ অত্যাবশ্যক মনে করিলে তদন্ত কার্য চালাইতে পারিবেন।

(৩) তদন্তের সময় প্রধান বিস্ফোরক পরিদর্শক বা তাহার প্রতিনিধি দুর্ঘটনার সহিত সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে বা সংশ্লিষ্ট কাগজপত্র, সরঞ্জাম বা অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করিতে পারিবেন এবং উক্ত ব্যক্তি তাহার জিজ্ঞাসাবাদের উত্তর দিতে বা, ক্ষেত্রবিশেষে, সংশ্লিষ্ট কাগজপত্র, সরঞ্জাম বা জিনিসপত্র উপস্থাপন করিতে বাধ্য থাকিবে।

(৪) এই বিধির অধীন অনুষ্ঠেয় তদন্তকার্য দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সম্পন্ন করিতে হইবে এবং তদন্তকারী কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এবং পরিস্থিতি বর্ণনা করিয়া তদন্ত সমাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে তদন্তের একটি প্রতিবেদন সরকারের নিকট এবং উহার একটি অনুলিপি প্রধান বিস্ফোরক পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ২৫