RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২ · প্রথম অধ্যায় — প্রারম্ভিক
বিধি২

সংজ্ঞা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়,—

(ক) ‘‘অপরিশোধিত পেট্রোলিয়াম’’ অর্থ প্রাকৃতিকভাবে প্রাপ্ত পেট্রোলিয়াম যাহা পরিশোধন প্রক্রিয়ার দ্বারা কোনো পেট্রোলিয়ামজাত দ্রব্যে পরিণত করা হয় নাই;

(খ) ‘‘আইন’’ অর্থ পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন);

(গ) ‘‘উপযুক্ত’’ অর্থ প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত কোনো ব্যক্তি বা সরঞ্জাম;

(ঘ) ‘‘ওয়েল হেড ট্যাংক” অর্থ যে ট্যাংক-এ সর্বপ্রথম কোনো তৈলকূপ হইতে অপরিশোধিত পেট্রোলিয়াম (crude petroleum) প্রবাহিত বা পাম্প করিয়া ভর্তি করা হয়;

(ঙ) ‘‘জেলা কর্তৃপক্ষ’’ অর্থ জেলা প্রশাসক, এবং অতিরিক্ত জেলা প্রশাসকও উহার অন্তর্ভুক্ত হইবে;

(চ) ‘‘ট্যাংক ইন কার্ট (tank in cart)’’ অর্থ ট্যাংক যুক্ত থাকে এমন কোনো হস্ত অথবা যন্ত্রচালিত পরিবহন যান;

(ছ) ‘‘তফসিল’’ অর্থ এই বিধিমালার কোনো তফসিল;

(জ) ‘‘পরিবহন যান’’ অর্থ এমন কোনো বাহন, ট্যাংক অথবা ট্যাংক ব্যতীত, যাহার মাধ্যমে পেট্রোলিয়াম পরিবহন করা হয়;

(ঝ) ‘‘পরিদর্শক’’ অর্থ বিধি ১৯৭ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(ঞ) ‘‘পরীক্ষণ কর্মকর্তা’’ অর্থ আইনের ধারা ১৬ এর অধীন সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(ট) ‘‘পেট্রোলিয়াম স্থাপনা’’ অর্থ এমন একটি প্রাঙ্গণ যেখানে ট্যাংক বা বাল্কে পেট্রোলিয়াম মজুদ করা হয়;

(ঠ) ‘‘ফরম’’ অর্থ তফসিল-২ এ উল্লিখিত কোনো ফরম;

(ড) ‘‘বাল্ক পেট্রোলিয়াম (petroleum in bulk)’’ অর্থ অন্যূন ১০০০ (এক হাজার) লিটার পেট্রোলিয়াম মজুদ করা যায় এমন কোনো ধারণপাত্র বা আধার;

(ঢ) ‘‘বিস্ফোরক পরিদর্শক’’ অর্থ উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক, এবং সহকারী বিস্ফোরক পরিদর্শকও উহার অন্তর্ভুক্ত হইবে;

(ণ) ‘‘বৈদ্যুতিকভাবে সংযুক্ত’’ অর্থ এমন ব্যবস্থা দ্বারা সংযুক্ত যাহার মাধ্যমে বিদ্যুৎ ভূমিতে প্রবাহিত হইতে পারে;

(ত) ‘‘মজুদাগার (storage shed)’’ অর্থ বাল্ক বা ট্যাংক ব্যতীত অন্য কোনো ধারণপাত্র বা আধারে পেট্রোলিয়াম মজুদের জন্য ব্যবহৃত কোনো ভবন বা স্থাপনা বা উহার অংশবিশেষ, কিন্তু আইনের ধারা ৬, ৭ ও ৯ এ অব্যাহতিপ্রাপ্ত পেট্রোলিয়াম মজুদকরণে ব্যবহৃত কোনো ভবন বা স্থাপনা উহার অন্তর্ভুক্ত হইবে না;

(থ) ‘‘যোগ্য’’ অর্থ প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক যোগ্য বলিয়া বিবেচিত কোনো ব্যক্তি বা সরঞ্জাম;

(দ) “সারণি” অর্থ তফসিল-২ এ উল্লিখিত সারণি-১, সারণি-২ ও সারণি-৩;

(ধ) ‘‘সার্ভিস স্টেশন’’ অর্থ মোটরযানে জ্বালানি সরবরাহের জন্য বিশেষভাবে নির্মিত কোনো প্রাঙ্গণ, এবং লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত উক্ত প্রাঙ্গণের সীমানায় মোটরযান সার্ভিস করিবার স্থানও উহার অন্তর্ভুক্ত হইবে;

(ন) ‘‘সংরক্ষণীয় পূর্তকর্ম’’ অর্থ মানুষ বা গৃহপালিত জীবজন্তুর বসবাস বা অবস্থানের জন্য ব্যবহৃত হয় এমন কোনো ভবন বা স্থান অথবা পেট্রোলিয়াম অথবা অন্য কোনো দাহ্য পদার্থ মজুদ করা হয় এমন কোনো স্থান, এবং কোনো ডক, জাহাজঘাট, চুল্লি, কয়লা মজুদ প্রাঙ্গণ, রেললাইন, সড়ক, পার্ক এবং উচ্চচাপসম্পন্ন বৈদ্যুতিক লাইনও উহার অন্তর্ভুক্ত হইবে;

(প) ‘‘সংরক্ষিত এলাকা’’ অর্থ এমন সকল প্রয়োজনীয় এলাকা যেখানে এই বিধিমালার বিধানাবলি এবং লাইসেন্সের শর্ত অনুসারে কোনো স্থাপনা অথবা সার্ভিস স্টেশন অথবা মজুদাগার হইতে কোনো সংরক্ষণীয় পূর্তকর্মের অবস্থান পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রাখিতে হয়;

(ফ) ‘‘স্বীকৃত’’ অর্থ প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক স্বীকৃত।

(২) এই বিধিমালায় যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সে সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা: ধারা ৬ · ধারা ১৬

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-২