জাহাজের খোল এবং ট্যাংক-এ অবাধে বায়ু চলাচলের ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
(১) কোনো পেট্রোলিয়াম বহনকারী জাহাজ বা নৌযান হইতে পেট্রোলিয়াম খালাস করিবার পূর্বে জাহাজের খোলে অবাধে বায়ু চলাচলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে:
তবে শর্ত থাকে যে, অনধিক ২৫ (পঁচিশ) লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম অথবা অনধিক ২,০০০ (দুই হাজার) লিটার দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম অথবা তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী নৌযানের ক্ষেত্রে এই উপ-বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।
(২) কোনো নৌযান হইতে সম্পূর্ণরূপে পেট্রোলিয়াম খালাস করিবার পর উহার খোল, ট্যাংক এবং তলদেশের প্রশস্ত অংশ দাহ্য বাষ্প হইতে মুক্ত রাখিতে হইবে।
(৩) আমদানিকৃত পেট্রোলিয়াম বহনকারী জাহাজ যাহা কার্গো খালাসের পর অনতিবিলম্বে বন্দর ত্যাগ করে অথবা কেবল জ্বালানি, স্টোর বা ব্যালাস্ট গ্রহণের উদ্দেশ্যে বা বন্দর কনজারভেটরের অনুমোদন সাপেক্ষে অনুরূপ কোনো কাজের নিমিত্ত বন্দরে অবস্থান করে, সেই সকল জাহাজের ক্ষেত্রে উপ-বিধি (২) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি কার্গো খালাসের পর তৎক্ষণাৎ উক্ত জাহাজের ট্যাংক-এর ঢাকনা নিরাপদে বাধিয়া রাখা হয়।
(৪) বার্জ অথবা লাইটার জাহাজের মাধ্যমে ট্যাংক-এ বিরামহীনভাবে পেট্রোলিয়াম পরিবহনের ক্ষেত্রে উপ-বিধি (২) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি -
(ক) পেট্রোলিয়াম খালাস এবং পরবর্তী বোঝাইয়ের মধ্যবর্তী সময় ৭২ (বাহাত্তর) ঘণ্টার অধিক না হয়; এবং
(খ) পেট্রোলিয়াম খালাসের পর পর তৎক্ষণাৎ জাহাজের ট্যাংক-এর ঢাকনা নিরাপদে বাঁধিয়া রাখা হয়।
(৫) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত বিশেষভাবে নির্মিত স্টীল ট্যাংক সম্বলিত যান্ত্রিক নৌযানের (যাহা নদীতে অথবা বন্দর সীমানার বাহিরে নদীর অংশবিশেষে বাল্ক পেট্রোলিয়াম বহন করে) ক্ষেত্রে উপ-বিধি (২) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি পেট্রোলিয়াম খালাসের পর তৎক্ষণাৎ জাহাজের ট্যাংক-এর ঢাকনা নিরাপদে বাঁধিয়া রাখা হয় এবং খালাস কার্য সম্পন্ন হওয়ার ১২ (বার) ঘণ্টার মধ্যে পরবর্তী লোডিং স্টেশনের উদ্দেশ্যে উহা স্থান ত্যাগ করে।
(৬) যে সকল জাহাজ বা নৌযান উপ-বিধি (৩), (৪) অথবা (৫) এর বিধান অনুযায়ী উপ-বিধি
(২) এর প্রয়োগ হইতে অব্যাহতিপ্রাপ্ত সেই সকল জাহাজ বা নৌযানের খোল বা ট্যাংক দাহ্য বাষ্পমুক্ত না হওয়া পর্যন্ত বাল্ক বা ট্যাংক-এ পেট্রোলিয়াম বহনকারী জাহাজ বা নৌযানের ক্ষেত্রে আরোপিত সকল বিধি-বিধান উহাদের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।