বিধি ১৩১ — বোর্ডের কার্যকালের মেয়াদ
বোর্ডের কার্যকালের মেয়াদ
(১) আইন ও এই বিধিমালায় ভিন্নতর কোনো বিধান না থাকিলে বোর্ডের সদস্যদের কার্যকালের মেয়াদ তাহাদের নিযুক্তি সরকারি গেজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে ৩ (তিন) বৎসর হইবে।
(২) উপ-বিধি (১) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, মেয়াদ উত্তীর্ণ হইবার পরেও স্থলাভিষিক্তদের নিয়োগ সরকারি গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো সদস্য স্ব পদে বহাল থাকিবেন।
(৩) যে কোনো সদস্য তাহার কার্যকাল শেষ হইবার পর পুনঃনিয়োগের যোগ্য হইবেন।
(৪) যে কোনো সদস্য চেয়ারম্যানকে লিখিতভাবে নোটিশ প্রদান করিয়া সদস্য পদ হইতে পদত্যাগ করিতে পারিবেন এবং চেয়ারম্যান যেই তারিখে তাহার পদত্যাগ পত্র গ্রহণ করিবেন সেই তারিখ হইতে পদটি শূন্য হইবে।
(৫) চেয়ারম্যানের নিকট হইতে ছুটি গ্রহণ না করিয়া কোনো সদস্য, চেয়ারম্যান ব্যতীত, পরপর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে কর্তৃপক্ষ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা তাহার আসন শূন্য ঘোষণা করিতে পারিবে।
(৬) অসদাচরণ বা অন্য কোনো কারণে বোর্ডের কোনো সদস্যের উক্ত পদে বহাল থাকা জনস্বার্থের পরিপন্থী বলিয়া বিবেচিত হইলে চেয়ারম্যান তাহাকে বোর্ডের সদস্যপদ হইতে অপসারণ করিতে পারিবে।
(৭) বোর্ডের যে কোনো শূন্যপদ কর্তৃপক্ষ বোর্ডের প্রতিনিধিত্বমূলক স্বার্থ ক্ষুত্ন না হয় এইরূপে পূরণ করিবে।
(৮) সাময়িক শূন্য পদ পূরণের জন্যে কোনো সদস্য নিয়োগ করা হইলে তিনি শুধু তাহার পূর্বসূরীর কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি