RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৪৭ — প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলা, ইত্যাদি

বিধি ৪৭

প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলা, ইত্যাদি

ব্যবস্থাপনা । (১) আইনের ধারা ৩৫(২)(ছ) এর উদ্দেশ্যপূরণকল্পে কোনো প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলি হইতে বিস্ফোরণ বা প্রজ্বলন বা সমজাতীয় বিপদের আশঙ্কা রহিয়াছে উহার ক্ষেত্রে উক্ত আশঙ্কা রোধ করিবার জন্য নিম্নরূপ পদ্ধতিতে সম্ভাব্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:

(ক) প্ল্যান্ট বা যন্ত্রপাতি ব্যবহারের সময় উহা কার্যকরভাবে ঘিরিয়া রাখিয়া;

(খ) উক্তরূপ ধূলা, গ্যাস, ধোঁয়া বা বাষ্প নিষ্কাশন বা উহার সঞ্চয় নিরোধ করিয়া; এবং

(গ) দহনীয় হইবার সম্ভাব্য সকল উৎস কার্যকরভাবে ঘিরিয়া রাখিয়া।

(২) যদি কোনো প্রতিষ্ঠানে ব্যবহৃত কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতি বিস্ফোরণরোধক করিয়া নির্মাণ করা না হয় যাহাতে উহা প্ল্যান্ট বা যন্ত্রপাতি হইতে উৎপন্ন সম্ভাব্য চাপ সহ্য করিতে পারে তাহা হইলে উক্ত প্ল্যান্ট বা যন্ত্রপাতিতে চোক (choke), বাফল (baffle), ভেন্ট (vent) বা অন্য কোনো কার্যকর যন্ত্রপাতি ব্যবস্থা করিয়া উক্ত বিস্ফোরণের বিস্তার বা প্রভাব রোধ করিবার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

(৩) যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশ কোনো বিষ্ফোরক বা দাহ্য গ্যাস বা বাষ্প স্বাভাবিক বায়ু চাপ অপেক্ষা অধিক চাপে থাকে সেইক্ষেত্রে উক্ত অংশ নিম্নরূপ পন্থা ব্যতীত উন্মুক্ত বা খোলা রাখা যাইবে না, যথা

(ক) প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশের ঢাকনার মুখের সঙ্গে সংযুক্ত কোনো পাইপের সংযোগ উন্মুক্ত করার পূর্বে উহা কোনো গ্যাস, বাষ্প, পাইপ স্টপ-ভাল্ব দ্বারা বা অন্য কোনোভাবে বন্ধ করিতে হইবে;

(খ) প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশের কোনো বন্ধন অপসারণ করিবার পূর্বে উহা, উহার পাইপের গ্যাস বা বাষ্পের চাপ স্বাভাবিক বায়ু চাপে হ্রাসের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে হইবে;

(গ) প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশের বন্ধন শিথিল বা অপসারণ করা হইলে কোনো বিষ্ফোরক বা দাহ্য গ্যাস অথবা বাষ্প উহার বা উহার পাইপের বন্ধন শক্ত করিয়া না বাঁধা পর্যন্ত এবং নিরাপদভাবে প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত প্রবেশ নিরোধ করিবার জন্য সকল প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে:

(৪) কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতি খোলা মাঠে স্থাপিত হইলে এই উপ-বিধির বিধান প্রযোজ্য হইবে না।

(৫) যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো প্ল্যান্ট, আধার বা চৌবাচ্চাতে কোনো বিষ্ফোরক বা দাহ্য পদার্থ রহিয়াছে বা সময় ছিল সেইক্ষেত্রে উহাতে তাপ ব্যবহার করিয়া কোনো রূপ ঝালাই বা কাটার কাজ করার ক্ষেত্রে যদি উক্ত বস্তু বা ধোঁয়া অপসারণ অথবা অদাহ্য বা বিস্ফোরক অবস্থায় রূপান্তর করিবার জন্য প্রথমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত কোনো কাজ করিবার পর উক্ত স্থান বা অংশ বিপদ রোধ করার মত ঠান্ডা হইবার পর উক্ত স্থান বা অংশ প্রবেশের জন্য উন্মুক্ত করিতে হইবে।

(৭) পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়ার কারণে উদ্ গিরিত ধোঁয়া, ধূলি, ইত্যাদির নিয়মিত বায়ুমান (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৩৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি