বিধি ৫১ — সেইফটি কমিটি গঠন
সেইফটি কমিটি গঠন
(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক কারখানার বা শিল্প-প্রতিষ্ঠানের মালিক সেইফটি কমিটি গঠন করিবেন:
তবে শর্ত থাকে যে, বিদ্যমান কারখানার ক্ষেত্রে এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে এবং বিধিমালা কার্যকর হইবার পর স্থাপিত কারখানার ক্ষেত্রে উৎপাদন সচল হইবার ৯ (নয়) মাসের মধ্যে সেইফটি কমিটি গঠন করিতে হইবে।
(২) সেইফটি কমিটিতে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) জনের নিম্নে ও ১২ (বারো) জনের ঊর্ধ্বে হইবে না এবং উহাতে মালিক ও শ্রমিক পক্ষের সমসংখ্যক প্রতিনিধি থাকিবে।
(৩) কমিটিতে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সদস্য-সচিব ও অন্যান্য সদস্য থাকিবে।
(৪) প্রথম সভায় সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তক্রমে একজন সদস্য-সচিব নির্বাচন করিবেন, তবে কারখানায় বা শিল্প প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণপ্রাপ্ত সেইফটি কর্মকর্তা থাকে তাহা হইলে তিনি সেইফটি কমিটির মালিকপক্ষের সদস্য হিসাবে থাকিবেন এবং তিনি কমিটির সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন।
(৫) কমিটি উহার সদস্যের মধ্য হইতে যে কোনো সদস্যকে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ কোনো ক্ষেত্রের এবং বিভিন্ন শাখা বা বিভাগের দায়িত্ব প্রদান করিতে পারিবে।
(৬) কারখানা বা শিল্প-প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপনা পরিচালক কমিটির সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করিবে।
(৭) শ্রমিক কল্যাণ সমিতি অথবা অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধি প্রতিষ্ঠান বা কারখানায় কর্মরত শ্রমিকের মধ্য হইতে কমিটির সহ-সভাপতি ও শ্রমিক প্রতিনিধি মনোনীত প্রদান করিবে।
(৮) শ্রমিকের সংখ্যা অনুযায়ী সেইফটি কমিটির সদস্য সংখ্যার আনুপাতিক হার হইবে নিম্নরূপ, যথা: ক্রমিক নম্বর শ্রমিক সংখ্যা সেফটি কমিটির সদস্য সংখ্যা
(১) (২) (৩) ১। অনূর্ধ্ব ৫০০ ৬ ২। ৮ ৫০১১০০০ ৩। ১০ ১০০১৩০০০ ৪। ১২ ৩০০১তদূর্ধ্ব
(৯) কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি উক্ত কারখানা বা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, বিভাগ, ফ্লোর, গোডাউন এবং ইউনিটে কর্মরত শ্রমিকের মধ্য হইতে সেইফটি কমিটির শ্রমিক প্রতিনিধি মনোনয়ন করিবে।
(১০) কোনো কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি না থাকিলে উক্ত কারখানা বা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী কমিটির শ্রমিক পক্ষের প্রতিনিধি উক্ত কারখানা বা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, বিভাগ, ফ্লোর, গোডাউন এবং ইউনিটে কর্মরত শ্রমিকের মধ্য হইতে সেইফটি কমিটির শ্রমিক প্রতিনিধি মনোনয়ন করিবে।
(১১) সেইফটি কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে অনিবার্য কোনো কারণে বা উপরিউক্ত উপ-বিধি (৯) ও (১০) অনুযায়ী সেইফটি কমিটির শ্রমিক প্রতিনিধি মনোনয়নের উদ্যোগ গ্রহণ না করা হইলে বিষয়টি অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অবগত হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে অংশগ্রহণকারী কমিটি গঠনপূর্বক শ্রমিক প্রতিনিধি মনোনয়ন প্রদানের জন্য অনুরোধ করিবেন:
তবে শর্ত থাকে যে, এইরূপ ক্ষেত্রে উক্ত কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি অথবা অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবার পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহা উপ-বিধি (৯) ও (১০) অনুযায়ী সেইফটি কমিটির শ্রমিক প্রতিনিধি মনোনয়ন করিবে।
(১২) শ্রমিক প্রতিনিধি মনোনীত হইবার ৭ (সাত) দিনের মধ্যে মালিক তাহার প্রতিনিধির মনোনয়ন প্রদান করিবেন এবং এইরূপ মনোনয়ন প্রদানের ১৫ (পনেরো) দিনের মধ্যে সভাপতি সেইফটি কমিটির সহ-সভাপতি ও অন্যান্য সদস্যের সহিত আলোচনাক্রমে সেইফটি কমিটির প্রথম সভা আহ্বান করিবেন।
(১৩) সেইফটি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হইবার ১০ (দশ) দিনের মধ্যে সভাপতি সেইফটি কমিটি গঠনের বিষয়টি লিখিতভাবে অতিরিক্ত মহাপরিদর্শককে অবহিত করিবেন।
(১৪) কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে এক তৃতীয়াংশ মহিলা শ্রমিক থাকিলে শ্রমিক প্রতিনিধি মনোনয়নে কমপক্ষে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি মনোনীত করিতে হইবে।
(১৫) যদি কোনো কারণে সেইফটি কমিটি কারখানা নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয়ে বিশেষজ্ঞের মতামত গ্রহণের প্রয়োজন অনুভব করে তাহা হইলে কমিটি উক্তরূপ মতামত গ্রহণ করিতে পারিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি