বিধি ১৫৪ — চুক্তি নিবন্ধিকরণ এবং চুক্তির স্মারক ফরম
চুক্তি নিবন্ধিকরণ এবং চুক্তির স্মারক ফরম
(১) যেইক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ প্রদেয় কোনো থোক অর্থের পরিমাণ চুক্তি দ্বারা নির্ধারণ করা হয় উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া অথবা অন্য কোনোভাবে অথবা যেইক্ষেত্রে উক্তরূপ নির্ধারিত ক্ষতিপূরণ আইনগত অক্ষমতার অধীন কোনো ব্যক্তিকে প্রদেয় হয় সেইক্ষেত্রে তৎসম্পর্কে একটি স্মারক লিপি মালিক কর্তৃক ইপিজেড শ্রম আদালতে প্রেরণ করিতে হইবে এবং উক্ত আদালত উহার যথার্থতা সম্বন্ধে নিশ্চিত হইবার পর ফরম-৬১, ফরম-৬২ বা ফরম-৬৩ অনুযায়ী রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিবে:
তবে শর্ত থাকে যে,
(ক) উক্তরূপ কোনো স্মারক উক্ত আদালত কর্তৃক পক্ষকে তৎসম্পর্কে অবহিত করিবার ৭(সাত) দিনের মধ্যে লিপিবদ্ধ করা যাইবে না;
(খ) উক্ত আদালত যে কোনো সময়ে রেজিস্টার সংশোধন করিতে পারিবে;
(গ) যেইক্ষেত্রে উক্ত আদালতের নিকট ইহা প্রতীয়মান হয় যে, থোক অর্থ পরিশোধের জন্য কোনো চুক্তি, উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হউক অথবা অন্য কোনোভাবে হউক, অথবা আইনগত অক্ষমতার অধীন কোনো ব্যক্তিকে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ সম্বন্ধে কোনো চুক্তি, উক্ত অর্থ বা পরিমাণের অপর্যাপ্ততার কারণে অথবা প্রতারণা অথবা অবৈধ প্রভাব অথবা অন্য কোনো অসঙ্গত উপায় অবলম্বনের দ্বারা লাভ করার কারণে উহা রেজিস্টারভুক্ত করা উচিত হইবে না সেইক্ষেত্রে উক্ত আদালত অবস্থার পরিপ্রেক্ষিতে চুক্তির অধীন প্রদত্ত অর্থ পরিশোধ সম্পর্কে যথাযথ আদেশ প্রদান করিতে পারিবে।
(২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুন না কেনো, উপ-বিধি (১) এর অধীন রেজিস্টারভুক্ত ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে কোনো চুক্তি এই বিধির অধীন বলবৎ যোগ্য হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি