RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৬ — নির্বাচন পরিচালনা কমিটি

বিধি ২১৬

নির্বাচন পরিচালনা কমিটি

(১) নির্বাহী পরিচালক, মালিক সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য মালিকদের সমন্বয়ে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন:

তবে শর্ত থাকে যে, মালিকদের মধ্যে কেহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হইতে ইচ্ছুক না হইলে নির্বাহী পরিচালক নিজ বিবেচনায় উপযুক্ত প্রতিনিধি মনোনয়নপূর্বক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করিবেন:

আরও শর্ত থাকে যে, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে প্রার্থী হইতে বা ভোট প্রদান করিতে পারিবেন না।

(২) নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বিজ্ঞপ্তি মারফত প্রচার করিয়া নির্বাচন বিধিমালা, আচরণবিধি এবং নির্বাচনের একটি তফসিল ঘোষণা করিবে, যেখানে ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রতীক বরাদ্দসহ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ থাকিবে:

তবে শর্ত থাকে যে, বিজ্ঞপ্তি প্রকাশের অনধিক ১৫ (পনেরো) দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দানের সুযোগ প্রদান এবং প্রার্থিতা চূড়ান্ত হইবার পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করিতে হইবে।

(৩) নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন বিধিমালা, ভোটার তালিকা, আচরণবিধি এবং নির্বাচনী তফসিলের একটি কপি নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রেরণ করিবেন।

(৪) নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠানের পরপর ফলাফল ঘোষণা করিবেন এবং নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত ফলাফলের একটি কপি নির্বাচন অনুষ্ঠানের ৩ (তিন) দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যানের নিকট প্রেরণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি