RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২০৬ — ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন

বিধি ২০৬

ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচন

(১) ফেডারেশনের নির্বাহী পরিষদের মেয়াদ হইবে নির্বাহী চেয়ারম্যান কর্তৃক অনুমোদনের তারিখ হইতে অথবা দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৪(চার) বৎসর:

তবে শর্ত থাকে যে, রাষ্ট্রীয় জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা অনুরূপ কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হইলেও পূর্বতন কমিটিকে অবৈধ ঘোষণা করা যাইবে না।

(২) ফেডারেশনের নিবন্ধন প্রাপ্তির পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে ফেডারেশন উহার সদস্যদের মধ্য হইতে একজন আহ্বায়ক করিয়া তাহার স্বাক্ষরে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুরোধ করিবেন।

(৩) নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হইবার অন্যূন ৯০ (নব্বই) দিন পূর্বে ফেডারেশনের সভাপতি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুরোধ করিবেন।

(৪) উপ-বিধি (১) এর অধীন ফেডারেশনের নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যদি পরিষদ ভাঙ্গিয়া যায় তাহা হইলে পরিষদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেশনের সভাপতি নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অনুরোধ করিবেন।

(৫) নির্বাহী চেয়ারম্যান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির ১৫(পনেরো) দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১৫

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি