বিধি ৮১ — ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি
ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি
আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে, হয়েস্ট এবং লিফট ব্যতীত, সকল ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি (স্থির অথবা চলমান ওয়ার্কিং গিয়ার, রজ্জু, শিকল এবং নোঙ্গর বা বন্ধন সম্পর্কিত যন্ত্রপাতিসহ উহার প্রত্যেক অংশ) সম্পর্কে নিম্নলিখিত বিধান প্রযোজ্য হইবে, যথা:
(ক) পর্যাপ্ত শক্তিশালী ও মজবুত পদার্থ দ্বারা উত্তমরূপে তৈরিকৃত হইতে হইবে;
(খ) যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে;
(গ) প্রতি ১২ (বারো) মাসে অন্ততঃ একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হইতে হইবে এবং উক্তরূপ প্রত্যেক পরীক্ষা সংক্রান্ত নির্ধারিত বিষয় লিপিবদ্ধ করিবার জন্য একটি রেজিস্টার থাকিতে হইবে এবং উক্তরূপ যন্ত্রপাতি দ্বারা উহাতে লিখিত বহন ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা বহন করা যাইবে না; এবং
(ঘ) ক্রেন দ্বারা আঘাত প্রাপ্ত হইবার আশঙ্কা রহিয়াছে এইরূপ কোনো স্থানে কোনো চলমান ক্রেনের হুইল ট্রেকে কোনো ব্যক্তি কাজ করার সময় যাহাতে ক্রেনটি উক্ত স্থানের ৬ (ছয়) মিটারের মধ্যে পৌঁছাইতে না পারে তাহার কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি