RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২ — সংজ্ঞা

বিধি ২

সংজ্ঞা

(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায় ।

(১) ‘আইন’ অর্থ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নম্বর আইন);

(২) ‘ইপিজেড’ বা ‘এলাকা’ বা ‘রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ বা ‘জোন’ অর্থ কর্তৃপক্ষের অধীন প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রণাধীন কোনো ইপিজেড বা এলাকা বা অর্থনৈতিক অঞ্চল বা অনুরূপ বিশেষায়িত অঞ্চল; সংক্ষুব্ধ

(৩) ‘উপযুক্ত ব্যক্তি’ অর্থ এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান;

(৪) ‘কর্তৃপক্ষ’ অর্থ Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (Act No. XXXVI of 1980)এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Export Processing Zones Authority;

(৫) ‘খোরাকী ভাতা’ অর্থ মূল মজুরি, মহার্ঘ ভাতা, এডহক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, এর অর্ধেক;

(৬) ‘ঢিমে তালের কাজ’ অর্থ কোনো একদল শ্রমিক কর্তৃক সঙ্ঘবদ্ধ, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলকভাবে স্বাভাবিক উৎপাদনের গতি শ্লথ করা (যাহা কোনো যান্ত্রিক ত্রুটি বা কলকব্জা বা যন্ত্রপাতি বিকল বা ভাঙ্গিয়া যাওয়া বা শক্তি সরবরাহের ত্রুটি, ব্যর্থতা বা স্বাভাবিক জিনিসপত্র এবং কলকব্জার খুচরা যন্ত্রাংশ সরবরাহের বিঘ্নতার সহিত সংশ্লিষ্ট নয়;

(৭) ‘তফসিল’ অর্থ এই বিধিমালার কোনো তফসিল;

(৮) ‘নির্বাহী চেয়ারম্যান’ অর্থ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান;

(৯) ‘নির্বাহী পরিচালক’, ‘অতিরিক্ত নির্বাহী পরিচালক’, ‘পরিচালক’, ‘উপ-পরিচালক’, ‘সহকারী পরিচালক’ অর্থ আইনের ধারা ২(২১) এ সংজ্ঞায়িত নির্বাহী পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক), অতিরিক্ত নির্বাহী পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক), পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক), উপ-পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক) ও সহকারী পরিচালক (শ্রম ও শিল্প সম্পর্ক);

(১০) ‘নির্বাহী পরিষদ’ বা ‘পরিষদ’ অর্থ নবম অধ্যায়ের অধীন নির্বাচিত কোনো শ্রমিক কল্যাণ সমিতির বা ফেডারেশনের বা মালিক সমিতির নির্বাহী পরিষদ;

(১১) ‘পোষ্য’ অর্থ কোনো মৃত শ্রমিকের

(ক) স্ত্রী-স্বামী, নাবালক সন্তান, অবিবাহিত কন্যা, অথবা বিধবা মাতা, এবং

(খ) সংশ্লিষ্ট শ্রমিকের মৃত্যুর সময় তাহার আয়ের উপর সম্পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল পিতা, বিধবা কন্যা, নাবালক ভ্রাতা, অবিবাহিত বা বিধবা ভগ্নি, বিধবা পুত্র বধু, মৃত পুত্রের নাবালক ছেলে, মৃত মেয়ের নাবালক সন্তান যদি তাহার পিতা জীবিত না থাকেন, অথবা মৃত শ্রমিকের মাতা বা পিতা জীবিত না থাকিলে তাহার দাদা ও দাদী;

(১২) ‘প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত’ অর্থ এইরূপ কোনো ব্যক্তি যাহার প্রাথমিক চিকিৎসা বিষয়ে রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র রহিয়াছে;

(১৩) ‘ফরম’ অর্থ এই বিধিমালার কোনো ফরম;

(১৪) ‘ফেডারেশন’ অর্থ নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন;

(১৫) ‘বোর্ড’ অর্থ এই বিধিমালায় উল্লিখিত, ক্ষেত্রমত, নিম্নতম মজুরি বোর্ড বা অংশগ্রহণ তহবিল পরিচালনা বোর্ড;

(১৬) ‘মহাপরিদর্শক’, ‘অতিরিক্ত মহাপরিদর্শক’, ‘উপ-অতিরিক্ত মহাপরিদর্শক’, ‘যুগ্ম মহাপরিদর্শক’, ‘উপ-মহাপরিদর্শক’, ‘সহকারী মহাপরিদর্শক’, ‘কাউন্সিলর কাম পরিদর্শক’ এবং ‘পরিদর্শক’ অর্থ আইনের ধারা ২(৩৫) এ সংজ্ঞায়িত ও চতুর্দশ অধ্যায়ের অধীন পরিদর্শন সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য পালনের নিমিত্ত কর্তৃপক্ষের নিযুক্ত বা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা ব্যক্তি বা পরিদর্শক;

(১৭) ‘মালিক’ অর্থ কোনো শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে এইরূপ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যিনি বা যাহারা শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন:

(ক) উক্ত ব্যক্তির কোনো উত্তরাধিকারী, হস্তান্তরমূলে উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধি;

(খ) উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি;

(১৮) ‘শিল্প প্রতিষ্ঠান’ বা ‘প্রতিষ্ঠান’ অর্থ কোনো দ্রব্য বা পণ্য প্রস্তুত বা উৎপাদন বা সেবা প্রদান করিবার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রাপ্ত জোনে স্থাপিত কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা;

(১৯) ‘সমিতি’ অর্থ আইনের নবম অধ্যায়ের অধীন গঠিত ও নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতি; এবং

(২০) ‘হিসাব বৎসর’ অর্থ কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানার বার্ষিক হিসাব কাল।

(২) এই বিধিমালার যেই সকল শব্দ বা অভিব্যক্তি ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি